তৌকিরের পরিবারে কান্না থামছে না
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নেতা নিহত তৌকির ইসলামের পরিবারে কান্না থামছে না। গত সোমবার রাতে লাশ দাফনের পর থেকে তাঁর বাবা আবদুর রশিদ অসুস্থ। মা আয়েশা বেগম সন্তানের শোকে অঝোরে কাঁদছেন।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তৌকিরের মরদেহ বাড়িতে পৌঁছায়। রাতেই বাড়ির পাশের মল্লিক ছোবাহান হাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়।
গতকাল সকালে তৌকিরের বাড়িতে গিয়ে দেখা যায়, মা আয়েশা বেগম কাঁদছেন। কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি কেঁদে কেঁদে কেবলই বলছেন, ‘সে ছিল সবার ছোট। কোনো দিন রাতে তাঁকে আমি কোথাও একা থাকতে দিইনি। আমার কাছে বিয়েতে যাবে বলে সে চলে গেল ঢাকায়। সেখানে নৃশংসভাবে তাঁকে মেরে ফেলা হলো। আমি ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।’
সন্তানের মৃত্যুর খবর শোনার পর থেকে তৌকিরের বাবা আবদুর রশিদ (৮০) অসুস্থ। তিনি বলেন, ‘ঢাকা যাওয়ার আগে সে আমাকে সালাম করে গেল, অথচ ফিরে এল লাশ হয়ে।’
গত রোববার ঢাকায় ছাত্রলীগের সমাবেশ শেষে ফেরার পথে আসনে বসাকে কেন্দ্র করে সাতকানিয়া ছাত্রলীগ ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কিছু সদস্য লোহাগাড়ার বার আউলিয়া কলেজের ছাত্রলীগের নেতা তৌকিরকে পিটিয়ে ট্রেন থেকে ফেলে দেন। গাজীপুরের শিমুল নিমতলী থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখনো তৌকিরের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। এ বিষয়ে তাঁর বড় ভাই আলমগীর জানান, হত্যাকাণ্ডের মামলা কোথায় এবং কীভাবে করতে হবে, তা এখনো বুঝতে পারছেন না। তিনি অভিযোগ করেন, এ নিয়ে অনেকে রহস্যজনকভাবে নীরবতা পালন করছেন। কেউ কেউ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি (একাংশ) রিদওয়ানুল হক জানান, এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আর লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বলেন, ‘এভাবে একজন ছাত্রনেতাকে হত্যা করা হবে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না।’