বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকায় গ্রেপ্তার হওয়া তৌহিদুর রহমান, আমিনুল মল্লিকসহ পাঁচজনকে সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও অনন্ত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আরমান আলী গতকাল মঙ্গলবার সকালে সিলেট মহানগর হাকিম আদালতে চারজনকে হাজির করলে বিচারক সাহেদুল করিম তাঁদেরসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ১৫ দিনের রিমান্ড আবেদন করলে ১৬ সেপ্টেম্বর শুনানির তারিখ ধার্য করেন আদালত।
গ্রেপ্তার দেখানো অন্য তিনজন হলেন আরিফুল ইসলাম, জাকির প্রকাশ ও সাদেক আলিম। এ নিয়ে অনন্ত হত্যায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার দেখানো হলো। এর মধ্যে ‘সন্দিগ্ধ’ হিসেবে গ্রেপ্তার রয়েছেন একজন আলোকচিত্রী।
গত ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অনন্তকে কুপিয়ে হত্যা করে। অনন্ত বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। তাঁকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীরা পরিকল্পিতভাবে খুন করেছে—এই অভিযোগে অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতনামা চার দুর্বৃত্তকে আসামি করে মামলা করেন।
২৫ মে মামলাটির তদন্তভার সিআইডিতে স্থানান্তর করা হলে গত ৭ জুন দৈনিক সংবাদ ও স্থানীয় দৈনিক সবুজ সিলেট-এর আলোকচিত্রী ইদ্রিস আলীকে ‘সন্দিগ্ধ’ হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইদ্রিস বর্তমানে কারাবন্দী রয়েছেন।
অনন্ত হত্যাকাণ্ডের প্রায় সাড়ে তিন মাসের মাথায় গত শুক্রবার ভোরে কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রাম থেকে মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী (২৪) ও মোহাইমিন নোমান ওরফে এ এ নোমান (২২) নামের দুই ভাইকে গ্রেপ্তার করে সিআইডি।
মান্নান ২ সেপ্টেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ধর্ম নিয়ে ব্লগে লেখালেখি করার কারণেই অনন্তকে হত্যা করেন বলে তিনি স্বীকারোক্তিতে উল্লেখ করেন। ওই দিনই কানাইঘাটের পালজুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের ওরফে রশীদ আহমদ (২৪) নামের এক যুবককে সিলেট নগরের জালালাবাদ থানা এলাকার টুকেরবাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ৩ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।