তৈজসপত্র বোঝাই ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে মেলামাইনের তৈজসপত্র বোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ট্রাকচালক ও আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, ওই ট্রাকটি (ঢাকা-মেট্রো-অ-১৪-১৩২২) ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি ওই স্থানের গতিরোধক অতিক্রম করার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা ট্রাকের ওপরে উঠে তৈজসপত্রের কার্টন নামাতে থাকে। চালক আবদুল লতিফ বিষয়টি বুঝতে পেরে ট্রাকটি থামান। এ সময় দুর্বৃত্তরা লতিফ ও তাঁর সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় চালক লতিফ আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। লতিফ অভিযোগ করেন, তিনি মামলা করতে চেয়েছিলেন। কিন্তু ওই থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক মামলা না নিয়ে তাঁকে সাধারণ ডায়েরি করতে বাধ্য করেন। অভিযোগ অস্বীকার করে এসআই শামসুল হক বলেন, লতিফের ইচ্ছাতেই সাধারণ ডায়েরি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নৈশপ্রহরী নাম প্রকার না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রতিদিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত ডেইরি ও প্রান্তিক গেটের সামনে অবস্থান নেয়। তখন কোনো পুলিশ থাকে না। ওই সময়ের মধ্যে পণ্যবাহী ট্রাকগুলো গতিরোধক পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকে উঠে মালামাল লুট করে পালিয়ে যায়। ট্রাকের চালক ও সহকারীরা টের পেয়ে ট্রাক থামালে গোটা ট্রাকই ছিনতাই করে নিয়ে যায় তারা।