নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের পক্ষে প্রচারে নামছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গতকাল শনিবার রাতে তৈমুর আলম খন্দকার বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বের হয়ে তৈমুর আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্র থেকে তাঁর পক্ষে প্রচারে অংশ নেবে বিএনপি। তিনি দাবি করেন, আজ রোববার দলের অন্তত ৫০ জন নেতা ঢাকা থেকে নারায়ণগঞ্জে গিয়ে তাঁর সমর্থনে কাজ করবেন।বিএনপি সূত্র জানিয়েছে, আজ-কালের মধ্যে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধিদল নারায়ণগঞ্জ সফরে গিয়ে তৈমুর আলমকে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন। তৈমুর আলম নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য। নারায়ণগঞ্জে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলের পর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা কেউ এখন পর্যন্ত প্রচারে নামেননি।এদিকে নারায়ণগঞ্জের নির্বাচন পর্যবেক্ষণ করতে বিএনপি একটি কমিটি গঠন করেছে। এ কমিটির প্রধান হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তাঁর সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মান্নান, ফজলুল হক ও আমানউল্লাহ।