নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও থানা কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামানের পক্ষে কাজ করার আহ্বান জানানোয় জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সমর্থকেরা মঞ্চে হামলা, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছেন। হামলায় ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল চারটার দিকে রূপগঞ্জের রূপসী স্কুলমাঠ-সংলগ্ন তৈমুরের পৈতৃক বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ওই হামলার ঘটনা ঘটে। কাজী মনিরুজ্জামান নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, ওই আসন থেকে দলের মনোনয়ন নিয়ে তৈমুর ও কাজী মনিরের সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা ছিল। তৈমুরকে দলের হাইকমান্ড নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী তিনি নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরের পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানালে তৈমুরের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে মঞ্চে হামলা ও ভাঙচুর চালান এবং সড়ক অবরোধ করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের আয়োজক ও প্রধান অতিথি তৈমুর আলম খন্দকার তাঁর বক্তব্যে পুরোনো দ্বন্দ্ব ভুলে কাজী মনিরুজ্জামানের পক্ষে নেতা-কর্মীদের কাজ করে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। এতে তৈমুরের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মঞ্চে হামলা ও চেয়ার ভাঙচুর করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ প্রায় ১০ জন আহত হন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা রূপসী এলাকায় বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন এবং ৮-১০টি যানবাহন ভাঙচুর করেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি নেতা-কর্মীদের থানা কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। নেতা-কর্মীরা আমাকে এই আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেওয়ার দাবি জানাতে থাকেন। আমি তাঁদের বোঝালেও তাঁরা ক্ষুব্ধ হয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন।’ এ ব্যাপারে কাজী মনিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।