
আকাশে জমে আছে জলভরা ধোঁয়াটে মেঘ। থেকে থেকে ইলশেগুঁড়ি বৃষ্টিও হচ্ছে। তার মধ্যেই ডেকোরেটরের কর্মীরা ব্যতিব্যস্ত তোরণের নির্মাণকাজে। আগামীকাল রোববার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে আসবেন। বেলা দুইটায় শহরের রামদেও বাজলা সরকারি (আরবি) বালক উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জনসভা। সে কারণেই এই সাজসজ্জার আয়োজন। বিএনিপর হিসেবে পাঁচ শতাধিক তোরণ নির্মাণ করা হবে৷
গতকাল শুক্রবার জয়পুরহাট শহরে আসার পথে ক্ষেতলাল উপজেলার বটতলী থেকেই চোখে পড়ল মহাসড়কের ওপর খানিক পরপর তৈরি করা হচ্ছে তোরণ। পৌরসভা এলাকার শুরু হারাইল ট্রাক টার্মিনাল থেকে সড়কের দুই পাশের প্রতিটি বৈদ্যুতিক খঁুটির সঙ্গে টাঙানো হয়েছে বড় আকারের ফ্রেমে বাঁধানো ডিজিটাল ছবি। উত্তর পাশের খঁুটির ছবিতে কোনো এক রাষ্ট্রীয় সফরের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গার্ড অব অর্নার দেওয়া হচ্ছে। দক্ষিণের খঁুটিতে টাঙানো ছবিতে নীল শাড়ি পরা খালেদা জিয়ার পাশে স্মিত হাসিমুখে দাঁড়িয়ে আছেন কালো স্যুট পরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ছবিগুলো টাঙিয়েছে জয়পুরহাট পৌরসভা।
হঠাৎ করে বেগম জিয়ার পাশে ক্লিনটনের ছবি কেন, এটাই বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। জয়পুরহাটের মৎস্য খামার মালিক আবদুল কুদ্দুস বললেন, ‘ছবিটা ভালোই মানাচে। কিন্তু একুন ক্লিনটনের সাথে এই ছবিডা কেনো দিলো বুঝা পারোছি না।’
ছবির রহস্য জানতে যোগাযোগ করা হলো জয়পুরহার পৌরসভার মেয়র আবদুল আজিজ মোল্লার সঙ্গে। তিনি বললেন, পৌরসভার নির্বাচিত ১৩ জন প্রতিনিধি ব্যক্তিগত খরচে বেগম জিয়াকে স্বাগত জানাতে তোরণ নির্মাণ ও ছবি টাঙানোর আয়োজন করেছেন। তিনি কোনো রাজনৈতিক দল করেন না। যেহেতু দেশের একটি বড় রাজনৈতিক দলের প্রধান তাঁর এলাকায় আসছেন, তাই পৌরপিতা হিসেবে তিনি তাঁকে স্বাগত জানানোর এই উদ্যোগ নিয়েছেন। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে ক্লিনটনের ছবিটি ব্যবহার করা হয়নি। তবে বিএনপির নেতারা আপত্তি করায় এটি বদলে দেওয়া হবে। তিনি জানান, শহরের ট্রাক টার্মিনাল থেকে রেলগেট পর্যন্ত পথের দুই পাশের ৭৫টি বৈদ্যুতিক খঁুটিতে এই ছবি রয়েছে। পৌরপিতা অবশ্য জানালেন, জেলা বিএনপির পক্ষ থেকে জনসভায় উপস্থিত থাকার আমন্ত্রণ তিনি এখনো পাননি। পেলে উপস্থিত থাকবেন।
এদিকে দলের চেয়ারপারসনের সফর নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে গতকাল সকালে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মিজানুর রহমান বলেন, আসন্ন ঈদুল ফিতরের পর বিএনপি সরকার পতনের জন্য ব্যাপক আন্দোলন শুরু করবে। রোববার জয়পুরহাটের এই জনসভা থেকেই নেত্রী সেই আন্দোলনের ঘোষণা দেবেন।
মোজাহার আলী প্রধান প্রথম আলোকে বলেন, জনসভা সফল করার জন্য তাঁরা প্রস্তুতি নিয়েছেন। নেত্রীকে স্বাগত জানাতে বগুড়া শহর থেকে জয়পুরহাট পর্যন্ত মহাসড়কের ওপর পাঁচ শতাধিক তোরণ নির্মাণ করা হচ্ছে।