বান্দরবান জেলার পাহাড় ও নদীর পাড়ের নিচু এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারীদের তালিকা করা হয়েছিল গত বছর। সাম্প্রতিক পাহাড়ধসের ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই তালিকা। কিন্তু এখন এর হদিস মিলছে না।
জেলা প্রশাসন সূত্র জানা গেছে, বান্দরবানের সাতটি উপজেলা এবং দুটি পৌরসভার পাহাড়ে ও নদীর তীরে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনের তালিকা তৈরি করা হয়েছিল গত বছরের জুলাই-আগস্ট মাসে। এই তালিকা তৈরির জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তার সদস্যসচিব করা হয় বান্দরবান জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তাকে (ডিআরআরও)। এই কর্মকর্তার কার্যালয়ে তালিকাটি থাকার কথা। এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।
বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুর রহমান বলেন, ‘ঝুঁকিতে বসবাসকারীদের তালিকা করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে পৌরসভার প্রতিনিধিও ছিলেন। আমাদের জানামতে তালিকাটি ত্রাণ ও পুনর্বাসন শাখায় থাকার কথা।’
তৌহিদুর রহমান আরও বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীর সংখ্যা গত বছরের চেয়ে এ বছর অনেক বেশি বেড়ে গেছে। তালিকা পাওয়া গেলে বিষয়টি সঠিকভাবে বলা যাবে।
এ বিষয়ে ডিআরআরও আলী আকবর বলেন, ‘তালিকা নিশ্চয় আছে। কিন্তু আমি এবং কর্মরত কর্মচারীরা সবাই নতুন হওয়ায় তা খুঁজে পাওয়া যাচ্ছে না। ২২ জুন পুরোনো একজন কর্মচারী মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদান করবেন। বিষয়টি তিনি হয়তো জানেন।’
আলী আকবর বলেন, তাঁরা পাহাড়ধস ও পানিতে ডুবে যাওয়া দুর্গতদের তাৎক্ষণিক তালিকা করে ত্রাণ বিতরণ করেন। এ জন্য পুরোনো তালিকা হাতের কাছে রাখেন না। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের পুনর্বাসনের জন্য কোনো নির্দেশনাও দেওয়া হয় না।
এ ব্যাপারে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, ‘গত বছরের তালিকা অবশ্যই পাওয়া যাবে। পাশাপাশি নতুন করে তালিকা তৈরির কাজ চলছে।’
বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, নদীর পাড়ে বসবাসকারীদের তালিকা গত বছর করা হয়েছে। এবার নতুনভাবে তালিকা হচ্ছে। কাজ শেষ হলে তাদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।