তৈরি পোশাক রপ্তানি বিঘ্নিত করতে ষড়যন্ত্র হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৈরি পোশাক রপ্তানি বিঘ্নিত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কেবল দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু সরকার যথাযথ পদ‌ক্ষেপ গ্রহণ করায় ষড়যন্ত্র সফল হয়নি। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে তৈরি পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তারা গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুনশি ও আতিকুল ইসলাম এ সময় বক্তৃতা করেন। খবর বাসসের।

দেশে তৈরি পোশাকশিল্পের আরও উন্নয়নের লক্ষ্যে গজারিয়ায় গার্মেন্ট পল্লির নির্মাণকাজ ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারি প্রয়াসে সহযোগিতা দেওয়ার জন্য গার্মেন্ট শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি গার্মেন্ট পল্লি স্থাপনের লক্ষ্যে সরকার ভূমি বরাদ্দ দিয়েছে। এ পল্লি গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় কাজ চলছে। আপনারা কিছু উদ্যোগ গ্রহণ এবং অর্থ ব্যয় করলে এটি দ্রুত সম্পন্ন করা যেতে পারে।’ এ প্রসঙ্গে গার্মেন্ট শিল্প মালিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আপনারা কৃপণতা দেখিয়েছেন ও টাকা বাঁচিয়েছেন। সেটাই সমস্যা।’

শেখ হাসিনা বলেন, ‘গার্মেন্ট পল্লি প্রতিষ্ঠার জন্য গ্যাস সরবরাহ থেকে শুরু করে যোগাযোগব্যবস্থাসহ সব সুযোগসুবিধা নিশ্চিত করা হচ্ছে। আপনারা অর্থ ব্যয় এবং আপনাদের কারখানাগুলো স্থানান্তর করতে শুরু করলে এই পল্লিতে কোনো সমস্যা হবে না।’

তৈরি পোশাক খাতের আরও উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ খাতে বিপুলসংখ্যক নারী-পুরুষ কর্মী নিয়োজিত রয়েছেন এবং তাঁরা দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ব্যাপক অবদান রাখছেন। নারী গার্মেন্ট শ্রমিকদের অবদানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা দেশের অর্থনীতি জোরদার করতে অবদান রাখছেন এবং বাড়তি সময় কাজ করে ক্রেতাদের চাহিদা পূরণ করছেন। শ্রমিকদের আরও কল্যাণ নিশ্চিত করার জন্য গার্মেন্ট শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আরও বৃদ্ধি এবং অর্থনীতি জোরদার করার লক্ষ্যে বিদেশে নতুন নতুন বাজার খুঁজে বের করার জন্য গার্মেন্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ-কানাডা সরাসরি বিমান চালুতে গুরুত্ব প্রধানমন্ত্রীর: দুই দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও কানাডার মধ্যে সরাসরি বিমান চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামি গতকাল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের জানান।