তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তৈরি পোশাক-পণ্যের দাম বাড়াতে বিদেশি ক্রেতাদের আহ্বান জানিয়ে বলেছেন, এই অর্থ এই শিল্পের ৪০ লাখ শ্রমিকের অধিকতর কল্যাণে ব্যয় হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল বুধবার সকালে তাঁর কার্যালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হেরবেন শোর দে ইয়ং বিদায়ী সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান। খবর বাসসের।
তৈরি পোশাকশ্রমিকদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিগত ছয় বছরে তাঁর সরকার এ খাতে ২০০ শতাংশেরও বেশি মজুরি বাড়িয়েছে। এ খাতের নারী শ্রমিকদের জন্য বাসস্থান নির্মাণ করা হয়েছে। তিনি বাংলাদেশের পোশাক খাত নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের ক্ষেত্রে নেদারল্যান্ডসের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, নেদারল্যান্ডস এ ব্যাপারে বাংলাদেশকে কখনো চাপ দেয়নি।
প্রধানমন্ত্রী বিদ্যমান চট্টগ্রাম ও মংলা বন্দরের পাশাপাশি তাঁর সরকারের পটুয়াখালীতে পায়রা বন্দর নির্মাণের উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, পায়রা বন্দর যোগাযোগ বৃদ্ধি করবে এবং প্রতিবেশী দেশগুলো পায়রা এবং চট্টগ্রাম ও মংলা বন্দরও ব্যবহার করতে পারবে। শেখ হাসিনা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হেরবেন বলেন, তৈরি পোশাক খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। ডাচ রাষ্ট্রদূত ক্রিকেট বিশেষ করে এক দিনের ক্রিকেটে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
জার্মানি ২০৮ মিলিয়ন ইউরো দেবে: বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত টমাস প্রিনৎস্ বলেছেন, জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব মোকাবিলা, জ্বালানি দক্ষতার উন্নয়ন ও শাসনব্যবস্থা আরও শক্তিশালী করতে সহায়তা হিসেবে জার্মানি বাংলাদেশকে ২০৮ মিলিয়ন ইউরো দেবে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা জানান।
রাষ্ট্রদূত প্রিনৎস্ বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের সঠিক পথে রয়েছে।’ তিনি বলেন, বর্তমানে বছরে গড়ে দেড় হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য জার্মান ভিসা পাচ্ছে এবং তা আরও বাড়তে পারে। বায়োগ্যাসে বাংলাদেশের সম্ভাবনার উল্লেখ করে প্রিনৎস্ বলেন, তাঁর দেশে মোট জ্বালানি ব্যয়ের ২৬ শতাংশ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। তিনি বলেন, ‘আমরা তা ৫০ শতাংশে উন্নীত করতে চাই।’ একটি স্বতন্ত্র বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠায় জার্মানি বাংলাদেশকে সহায়তা দেবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।