তৈরি পোশাকশিল্পের উন্নয়নের জন্য মালিক-শ্রমিকের মধ্যে ভেদাভেদ ঘোচাতে হবে। বজায় রাখতে হবে স্থিতিশীল পরিবেশ। এ লক্ষ্যেই কাজ করছেন শিল্প পুলিশের সদস্যরা। আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ-১-এর ঢাকা কম্পাউন্ডে গতকাল সোমবার শিল্প পুলিশের পোশাকসামগ্রীর প্রতীকী অর্পণ অনুষ্ঠান শেষে মতবিনিময় সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার এসব কথা বলেন।হাসান মাহমুদ খন্দকার শিল্প পুলিশ-১-এর পরিচালক গোলাম রউফ খানকে ক্যাপ পরিয়ে দেন। পরে পর্যায়ক্রমে বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্যাপ পরিয়ে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ বিভিন্ন তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ খন্দকার বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শিল্প সহায়ক ও শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষায়িত ইউনিট হিসেবে শিল্প পুলিশ বাহিনী গঠন করা হয়েছে। ব্যক্তিস্বার্থের বাইরে এসে নিষ্ঠা, আদর্শ ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে এ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।সভায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) মহাব্যবস্থাপক আশরাফুল কবির বলেন, শিল্পায়নের যুগে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে তৈরি পোশাকশিল্পের শত ভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।বিজিএমইএর সভাপতি বলেন, ‘তৈরি পোশাকশিল্প মালিক ও শ্রমিক এবং পুলিশ—এ তিন পক্ষের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সহযোগিতার মধ্য দিয়ে বর্তমানে আমাদের শিল্পপ্রতিষ্ঠানগুলো কাজ করছে। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, যথাসময়ে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন ও রপ্তানির ফলে বিভিন্ন দেশে আমাদের সুনাম বাড়ছে। এ ক্ষেত্রে সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন শিল্প পুলিশের সদস্যরা।’অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হুমায়ুন কবির, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প পুলিশের মহাপরিচালক (ডিজি) আবদুস সালাম।