তৈরি পোশাকশ্রমিকদের মহার্ঘ ভাতা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান থেকে বাজারদরের সঙ্গে সংগতি রেখে তৈরি পোশাকশ্রমিকদের মহার্ঘ ভাতা দেওয়ার দাবিসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। সম্মেলনে সংগঠনটি জানায়, এই নয় দফা দাবি আদায়ের জন্য তারা তৈরি পোশাক শিল্প অঞ্চলে ১০০ দিনের কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে গেইট মিটিং, আলোচনা সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতীকী অনশন ও অবস্থান ধর্মঘট।নয় দফা দাবির মধ্যে রয়েছে, স্বল্পমূল্যে চাল, ডাল, আটা, ভোজ্যতেল, চিনি সরবরাহের জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে তৈরি পোশাকশ্রমিকদের জন্য ফেয়ার প্রাইস কার্ড বিতরণ, সরকারি উদ্যোগে শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণ, অবাধে ট্রেড ইউনিয়ন করার অধিকার, নারী শ্রমিকদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি প্রদান, শ্রমিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার প্রভৃতি।সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সম্প্রতি কাঁচপুরের সিনহা টেক্সটাইল কর্তৃপক্ষ ৯০৩ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের আংশিক প্রাপ্য দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সময় শ্রমিক অসন্তোষের কারণে অজ্ঞাত অসংখ্য শ্রমিকের বিরুদ্ধে মামলা করা রেওয়াজে পরিণত হয়েছে। সরকারকে অবশ্যই এটা বন্ধ করতে হবে। এ শিল্পের সমস্যা সমাধানের জন্য সরকারের শ্রম পরিচালক ও কলকারখানা পরিদর্শক পরিদপ্তরের মাধ্যমে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করার পরামর্শ দেন সংগঠনটির নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় নেতা নাজমা আক্তার। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন খান, রোকেয়া সুলতানা, মাঈনউদ্দিন মণ্ডল প্রমুখ।এদিকে তৈরি পোশাকশ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং-ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন ও র‌্যালি করেছে শ্রমজীবী নারী ঐক্য। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে আয়োজক সংগঠনের নেতারা বলেন, রোজার আগেই তৈরি পোশাকশ্রমিকদের জন্য চাল, ডাল, তেল, চিনি, শিশুখাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো সরবরাহ করতে হবে।জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনও গতকাল তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য জীবনযাপনের উপযোগী মজুরি, পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে।