তৈরি পোশাকে বৈচিত্র্য আনতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টেকার জন্য তৈরি পোশাকে বৈচিত্র্য আনতে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে আবদুল হামিদ এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে জানান, বিজিএমইএ প্রতিনিধিরা এ সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাৎকালে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ গত সাত বছরে তৈরি পোশাক খাত থেকে ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানি করে পাঁচ হাজার কোটি ডলার আয় করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি দেশের আর্থসামাজিক উন্নয়নে তৈরি পোশাক খাতের ভূমিকার প্রশংসা করে এই খাতের উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা চালাতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। তিনি পোশাককর্মীদের কল্যাণ নিশ্চিত করতেও পোশাকশিল্প মালিকদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে প্রতিনিধিরা বলেন, কর্মস্থলে পোশাককর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পোশাক কারখানার অবস্থা আগের যেকোনো সময়ের চেয়ে এখন ভালো। বিজিএমই নেতারা তৈরি পোশাকশিল্পের উন্নয়নে নীতিগত সমর্থন দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান ও সরকারের কাছ থেকে অব্যাহত সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা বৈঠকে উপস্থিত ছিলেন।