কক্সবাজারে আলোকচিত্রীদের ডেটাবেইস তৈরির কাজ শুরু হয়েছে।
পেশাদার আলোকচিত্রীদের চিহ্নিত করতে ও সমুদ্রসৈকতে বেড়াতে আসা পর্যটকদের হয়রানি রোধে ডেটাবেইস তৈরির উদ্যোগ নিয়েছে কক্সবাজার সৈকত লাবণি স্টুডিও মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। সমিতির উদ্যোগে পরিচিয়পত্র দেওয়া হচ্ছে আলোকচিত্রীদের। সৈকতে ছবি তোলার সময় কার্ডটি গলায় ঝোলাতে হবে তাঁদের।
গতকাল মঙ্গলবার সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রশিক্ষণ কর্মশালায় ডেটাবেইস তৈরির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি। প্রথম দিন ২৯৫ জন আলোকচিত্রীকে ডেটাবেইসের আওতায় আনা হয়। আরও তিন শতাধিক আলোকচিত্রীকে ডেটাবেইসের আওতায় আনা হবে।
লাবণি স্টুডিও মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি কাজী রাসেল আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য কাশেম আলী, সমিতির সাবেক সভাপতি রুপন কুমার দে প্রমুখ।
আলোকচিত্রীদের উদ্দেশে রায়হান কাজেমি বলেন, সুন্দর আচরণ দিয়ে পর্যটকের মন জয় করতে হবে। কোনো অবস্থাতেই তাঁদের বিরক্ত করা যাবে না। তিনি বলেন, সৈকতে নামার সঙ্গে সঙ্গে নির্ধারিত পোশাক পরতে হবে। গলায় কার্ড ঝোলাতে হবে।
কাজী রাসেল আহম্মেদ বলেন, ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আলোকচিত্রীদের ডেটাবেইস তৈরি করা হচ্ছে। ডেটাবেইসের বাইরে কোনো ফটোগ্রাফার সৈকতে নামতে পারবেন না। তিনি বলেন, পেশাদার আলোকচিত্রীরা অপকর্ম করেন না। কিছু অপেশাদার আলোকচিত্রী পর্যটকদের হয়রানি করেন। এখন থেকে আর কেউ সেই সুযোগ পাবে না। কেউ হয়রানি করলে তাঁর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।