তৈরি হচ্ছে নোংরা পরিবেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূল সড়কের পাশ ঘেঁষে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ইফতারসামগ্রী তৈরি করে বিক্রি করছিল। উন্মুক্ত থাকায় রাস্তার ধুলাবালি উড়ে গিয়ে পড়ছে এসব খাদ্যসামগ্রীতে। ছবিটি গতকাল বেলা তিনটার দিকে সিলেট নগরের আম্বরখানার চৌরাস্তা মোড় থেকে তোলা l প্রথম আলো
মূল সড়কের পাশ ঘেঁষে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ইফতারসামগ্রী তৈরি করে বিক্রি করছিল। উন্মুক্ত থাকায় রাস্তার ধুলাবালি উড়ে গিয়ে পড়ছে এসব খাদ্যসামগ্রীতে। ছবিটি গতকাল বেলা তিনটার দিকে সিলেট নগরের আম্বরখানার চৌরাস্তা মোড় থেকে তোলা l প্রথম আলো

রাতের বৃষ্টিতে রাস্তায় থকথকে কাদাপানি। দোকানের সামনের অংশও ময়লা-আবর্জনায় ভরা। একটি দোকানের সামনের সেই আবর্জনা ধুয়ে ঝাড়ু দিয়ে সাফ করছিলেন এক শ্রমিক। আর ঠিক পাশের দোকানটিতেই দুজন কারিগর বিরামহীনভাবে ইফতারসামগ্রী ভেজে চলেছেন। আবর্জনা পরিষ্কারকারী শ্রমিকের ঝাড়ু থেকে ময়লার ছিটা গিয়ে পড়ছিল কারিগরদের বানানো ইফতারসামগ্রীতে।
গতকাল মঙ্গলবার বেলা তিনটা ৩২ মিনিটের দৃশ্য এটি। স্থান সিলেট নগরের বন্দরবাজার এলাকার মূল সড়ক ঘেঁষে অবস্থিত হাসান মার্কেট। এ মার্কেটের ‘রুচি স্ন্যাকস্ পয়েন্ট’ নামের দোকানটিতে এভাবেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছিল খাদ্যসামগ্রী। কারিগরেরা ইফতারসামগ্রী তৈরি করে পাশেই একটি টেবিলে বিক্রির জন্য রাখছিলেন। উন্মুক্ত থাকায় খাবারের ওপর মাছি ভনভন করে উড়ছিল।
এই প্রতিনিধিকে কারিগর ও কর্মচারীদের সঙ্গে কথা বলতে দেখে এগিয়ে এলেন দোকানের মালিক শুভ ঘোষ। তিনি প্রথম আলোকে বলেন, ‘চুলার পাশে আবর্জনা পরিষ্কারের বিষয়টি লক্ষ করিনি। এটি এখনই সরিয়ে ফেলা হবে। এ ছাড়া গরম গরম ইফতারসামগ্রী থাকায় সেখানে পলিথিনজাতীয় কোনো ঢাকনা রাখা হয়নি। একটু ঠান্ডা হলেই ঢাকনা দেওয়া হবে। তখন আর মাছি বসার সুযোগ পাবে না।’
বেলা তিনটা ৫১ মিনিটে বন্দরবাজার এলাকার মধুফুল নামের একটি দোকানে গিয়েও অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি তৈরি করতে দেখা গেছে। প্রায় রাস্তা ঘেঁষে উন্মুক্ত স্থানে জিলাপি ভাজছিলেন আলকাছ আলী নামের এক কারিগর। রাস্তার ধুলাবালু এসে পড়ছে জিলাপি তৈরির পাত্রে।
এই প্রতিনিধির সরেজমিন অভিজ্ঞতা শুনে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, যাঁরা অস্বাস্থ্যকর ও অরুচিকর পরিবেশে ইফতারসামগ্রী বানাচ্ছেন, কোনোভাবেই তাঁদের ছাড় দেওয়া হবে না।