
ট্রান্সকম কনজুমার প্রোডাক্টস লিমিটেডের (টিসিপিএল) আন্তর্জাতিক মানের নতুন একটি ভোগ্যপণ্য উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তির এই কারাখানাটি বিশ্বখ্যাত পেপসিকোর সহযোগিতায় বগুড়ার ফুলদীঘিতে ট্রান্সকম শিল্প এলাকায় স্থাপিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে কারখানাটি যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রান্সকম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান লতিফুর রহমান এবং ট্রান্সকম গ্রুপের পরিচালক মিসেস শাহ্নাজ রহমান।
ভোগ্যপণ্য উৎপাদন কারখানা উদ্বোধনের সময় টিসিপিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিমিন হোসেন, ট্রান্সকম গ্রুপ অব কোম্পানিজের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান, গ্রুপ ফাইনান্স ডিরেক্টর আতিকুর রহমান, পেপসিকোর কান্ট্রি ম্যানেজার প্রতীক সাবার ওয়াল, ট্রান্সকম বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক জি কিউ চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অতিথিরা কারখানাটির খাদ্যপণ্য উৎপাদন, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণ প্রক্রিয়া ঘুরে দেখেন। উদ্যোক্তারা জানান, বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি পেপসিকোর সহযোগিতায় অত্যাধুনিক এই কারখানায় পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক মানের ‘সলটেড স্নাকস’উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই এই পণ্য বাজারে আসবে।
ট্রান্সকম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান লতিফুর রহমান এবং প্রতিষ্ঠানটির পরিচালকেরা ট্রান্সকম ডিসট্রিউবেশন লিমিটেডের (টিডিসিএল) কার্যালয় ও পণ্যবাজারকরণ প্রক্রিয়া, ওষুধ বাজারজাতকারী প্রতিষ্ঠান এসকেএফ এর আঞ্চলিক বিপণন কার্যালয় এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা পেপসিকোর আরেকটি ভোগ্যপণ্য উৎপাদন কারখানা পরিদর্শন করেন। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিয়েও কথা বলেন।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকেরা টিসিপিএলের সদ্য বাজারে ছাড়া আন্তর্জাতিক ভোগ্যপণ্য ‘কোয়াকার ওটস্’এর (QUAKER OATS) উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। কোয়াকার ওটস্ ইতিমধ্যে বাজারে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক শাহ্নাজ রহমানসহ অতিথিরা ট্রান্সকম গ্রুপ অব কোম্পানিজের সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া স্টারের অন্যতম প্রকাশনা প্রথম আলোর জন্য বগুড়ায় স্থাপিত ট্রান্সক্রাফট এর অত্যাধুনিক ছাপাখানা পরিদর্শন করেন।
লতিফুর রহমান ও শাহ্নাজ রহমান ট্রান্সকম শিল্পএলাকার প্রধান ফটকের পাশে একটি করে গাছ লাগান। সন্ধায় তাঁরা শহরের নাজ গার্ডেনে ট্রান্সকম গ্রুপ ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে ইফতারে যোগ দেন।