তৈরিপোশাকশিল্পেপ্রতিবন্ধীবান্ধবকর্মপরিবেশ

আলোচনা
আব্দুল কাইয়ুম: দেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ প্রতিবন্ধী ব্যক্তি। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের দক্ষতা ও যোগ্যতা রয়েছে, যা প্রমাণের সুযোগ তাঁদের দেওয়া প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক আন্তরিকতার সঙ্গে কাজ করেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে, তাঁরা অন্য সহকর্মীদের চেয়ে বেশি কাজ করেন।
দেশে তৈরি পোশাকশিল্প একটি বড় কাজের ক্ষেত্র। এ খাতে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করছেন। কিন্তু অনুকূল কাজের পরিবেশের অভাবে অনেকেই কাজ করতে পারছেন না। তৈরি পোশাক খাতসহ সব ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যিক্তদের জন্য যেন অনুকূল কাজের পরিবেশ তৈরি করা হয়, সে জন্যই আজকের আলোচনা।
নাজমুল বারী

প্রতিবন্ধী মানুষেরা অন্য সবার মতো প্রায় সব কাজে সমানভাবে অংশ নিতে পারেন। তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতিতে অসীম সম্ভাবনা নিয়ে এগিয়ে চলছে।
২০১৪-১৫ সালে পোশাক খাত ২৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। ২০২১ সালে এ খাত থেকে ৫০ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে প্রায় ৮০ লাখ মানুষ এখানে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু অন্যান্য খাতের মতো তৈরি পোশাকশিল্পেও প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের অনুকূল পরিবেশ অধিকাংশ ক্ষেত্রেই নেই। তাঁদের কাজের সুযোগ দিলে এ খাতে উৎপাদনশীলতা অনেক বাড়বে। অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় তঁারাও সমাজের মূলধারায় ফিরে আসতে পারবেন।
এখন কেন তঁারা কাজ করতে পারছেন না? অধিকাংশ প্রতিষ্ঠানের ভবন প্রবেশগম্যভাবে নির্মিত হয় না। ফলে তঁারা প্রতিষ্ঠানে ঢুকতেই পারেন না। তাহলে কাজ করবেন কীভাবে? র্যাম্প থাকে না। টয়লেটের সুযোগ-সুবিধা থাকে না। কাজের জায়গায় চলাচলের ব্যবস্থা থাকে না।
প্রতিবন্ধী মানুষ সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে। যেমন অনেকে মনে করেন, তঁাদের কর্মক্ষমতা কম। আবার প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মোপযোগী কাজের পরিবেশ তৈরিতে অনেক খরচ। দেশে তাঁদের জন্য নীতিমালা প্রয়োগের অভাব ইত্যাদি বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে।
দেশের প্রশিক্ষণকেন্দ্রগুলোতে তঁারা প্রশিক্ষণের সুযোগ পান না। তাহলে কীভাবে তাঁরা তাঁদের দক্ষতা প্রমাণ করবেন? অনেক পোশাকিশল্পে প্রতিবন্ধী মানুষেরা কাজ করছেন। এসব শিল্পের মালিকেরা এঁদের কাজের প্রশংসা করছেন। এঁরা প্রতিষ্ঠানের সেরা কর্মীও নির্বাচিত হন। আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা যে ভালো কাজ করতে পারেন, সেটা তাঁরা প্রমাণ করেছেন।
আমাদের সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে অনেক সচেতন। ২০০৬ সালে জাতিসংঘে প্রতিবন্ধী সনদ গৃহীত হয়েছে। ২০০৭ সালে আমরা এটা অনুস্বাক্ষর করেছি। এর ২৭ নম্বর ধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের অধিকারের কথা বলা আছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়ন ও সঠিক কর্মপরিবেশ তাঁদের কাজের সুযোগ সৃষ্টি করতে পারবে। সে জন্য তৈরি পোশাকশিল্পসহ সবার দায়িত্ব নেওয়া প্রয়োজন। তাহলে তঁারা সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হতে পারবেন।
মোহাম্মদ নাছির

বাংলাদেশের অর্থনীতির প্রাণ পোশাকশিল্প। দেশের ৮২ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এ খাত থেকে। শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই নয়, ৪৪ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এ খাতে। তৈরি পোশাক খাত প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের বিষয়ে এখন গুরুত্ব দিচ্ছে। অনেকগুলো প্রতিষ্ঠানে এঁরা কাজ করছেন। অনেকে তাঁদের নিয়োগের বিষয়ে ভাবছেন।
জিআইজেডকে অবশ্যই ধন্যবাদ দেব যে তারা একটি জরুরি কাজ করছে। এখন পোশাক কারখানাগুলো নিজেদের উদ্যোগে সিঁড়ির পরিবর্তে র্যাম্প নির্মাণ করছে। প্রতিবন্ধীবান্ধব টয়লেট নির্মাণ করছে। যন্ত্রপাতি ও কাজের জায়গাটিকে তাঁদের উপযোগী করে দেওয়া হয়। অন্যদের থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যাহ্নবিরতির সময় প্রায় ৩০ মিনিট বেশি দেওয়া হয়। এঁদের সুযোগ-সুবিধা দেখার জন্য শ্রমিকদের মধ্য থেকে একটি প্রশিক্ষিত দল থাকে।
কারখানাগুলো তাঁদের সহায়ক উপকরণ প্রদান করছে। শ্রবণ ও বাক্প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু কারখানায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার প্রদানের জন্য লিখিত নীতিমালা আছে। তাঁদের স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা আছে।
ভবিষ্যতে পোশাকশিল্প খাতে আরও অনেক বেশি প্রতিবন্ধী ব্যক্তি কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কারখানাগুলোরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। যেমন কোন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা কী কাজ করবেন, তার কোনো নির্দেশনা নেই। তাঁদের যাতায়াত ও বাসস্থানের সমস্যা রয়েছে।
জিআইজেডের মতো আরও প্রতিষ্ঠানের তঁাদের সুযোগ-সুবিধা তৈরির জন্য এগিয়ে আসা প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলে তঁারা অন্যদের মতোই কাজ করতে পারবেন। কোন কোন ক্ষেত্রে তাঁরা ভালো কাজ করেন, সে প্রমাণ আমরা পেয়েছি।
প্রতিবন্ধী মানুষেরা অনেক সময় হীনম্মন্যতায় ভোগেন। এ জন্য তাঁদের পরামর্শ সহায়তার প্রয়োজন হয়। কেবল প্রতিবন্ধী মানুষ নয়, যাঁরা অটিস্টিক তাঁরাও পোশাক কারখানায় কাজ করতে পারেন, সে উদ্যোগও আমরা নিয়েছি।
এ এইচ এম নোমান খান

সিডিডি (সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট) ও জিআইজেড একসঙ্গে কাজ করছে। পোশাকশিল্প এ ক্ষেত্রে অনেক এগিয়ে এসেছে। এটা একটা বড় ধরনের কাজ। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক কোনো পরিসংখ্যান নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে একটি উদ্যোগ নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ প্রতিবন্ধী মানুষের তথ্যভান্ডার তৈরি করা হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
দেশের মোট জনসংখ্যার ১০ থেকে ১৫ শতাংশ প্রতিবন্ধী মানুষ। সে হিসাবে মোট প্রতিবন্ধী মানুষের সংখ্যা হবে প্রায় দুই কোটি। এর মধ্যে কমপক্ষে ৫০ লাখ প্রতিবন্ধী মানুষ কাজ করার জন্য সক্ষম। এঁদের কাজে লাগানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
এ মানুষগুলো আমাদের উন্নয়নের সম্পূর্ণ বাইরে ছিল। এখন অবশ্য এরা ধীরে ধীরে কাজে আসছে। দেশে তৈরি পোশাকশিল্পসহ অনেকে এ বিষয়ে সচেতন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার এ ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক।
সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টি আছে। তাঁদের জন্য সরকার আইন ও নীতিমালা করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
পোশাক কারখানাসহ অনেক জায়গায় এখন প্রতিবন্ধী ব্যক্তিদের আগ্রহসহকারে নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের বড় সফলতা হলো, ১৩৭টি তৈরি পোশাকশিল্প কারখানায় প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করছেন। একটি কারখানাও এ বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেনি। বরং প্রতিটি প্রতিষ্ঠান আন্তরিক সহযোগিতা প্রদান করেছে। আরও বিস্ময়কর দিক হলো, দেড় বছর পর এসব কারখানায় প্রতিবন্ধী শ্রমিকের সংখ্যা ১ হাজার ৪০০–এর অধিক।
কেন এটা হলো? কারণ, কারখানাগুলো দেখেছে প্রতিবন্ধী ব্যক্তিরা অন্যদের মতোই কাজ করেন। আবার কোনো কোনো ক্ষেত্রে তাঁরা অন্যদের থেকে ভালো কাজ করেন। জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল সচিবালয়, মহিলা ও শিশুবিষয়ক এবং যুব মন্ত্রণালয়ের মাধ্যমে এদের প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, সবাই আন্তরিকভাবে কাজ করলে প্রতিবন্ধী ব্যক্তিদের আর অসহায় জীবন থাকবে না।
বর্তমান সরকারের সদিচ্ছা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রতিবন্ধী জনগণের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ গৃহীত হয়েছে। এর পেক্ষ বিধিমালা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রতিবন্ধী জনগণের কর্মসংস্থানসহ বিভিন্ন সুযোগের সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী জনগণের কোটা প্রথা প্রবর্তন করে সরকারি চাকরিতে তাঁদের অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে।
মিকাইল শিপার

প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে। বিশেষ করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে ভীষণ আন্তরিক।
আগে সরকারি ভবনেও প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ-সুবিধা তেমন থাকত না। এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন সরকারি ভবনগুলো প্রতিবন্ধীবান্ধব করে নির্মাণ করা হচ্ছে। বিজিএমইএ ও বিকেএমইএ এখন প্রতিবন্ধীবান্ধব কারখানার কথা ভাবছে। এসবই আশাব্যঞ্জক।
দেশে বর্তমানে বেসরকারি উদ্যোক্তাদের প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য যে কর রেয়াতের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা অচিরেই বাস্তবায়িত হবে বলে আশা করছি।
দক্ষতা ও প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশিক্ষকদের যথোপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা সঠিকভাবে কাজ করতে পারবেন এবং কারখানার মালিকেরাও তাঁদের কাজের ধরন অনুযায়ী প্রশিক্ষিত লোক পাবেন।
জিআইজেড, সিডিডি, সরকার ও সংশ্লিষ্ট অন্য সবাই প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের ধরনের ভিত্তিতে প্রশিক্ষণ দিলে মালিকেরা তাঁদের কাজে লাগাতে উৎসাহ পাবেন। সরকার ও আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আছি। আপনারা আছেন। নিশ্চয়ই এ ক্ষেত্রে পরিবর্তন আসবে।
এ এইচ আসলাম সানি

আমি বিকেএমইএর প্রতিনিধিত্ব করি। কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে দায়বদ্ধতা অনুভব করি। তাই আমার কারখানায় তাঁদের কাজের সুযোগ করে দিয়েছি। এ জন্য ২০১৪ সালে জিআইজেডের পক্ষ থেকে আমাকে পুরস্কৃত করা হয়। আমাদের কারখানায় প্রতিবন্ধী শ্রমিকেরা কাজ করছেন।
সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। প্রতিষ্ঠানের প্রশাসনকে সহযোগী হতে হবে। ভালো নীতিমালা থাকতে হবে। আরেকটা সমস্যা হলো, সমাজে যাঁরা ভালো কাজ করেন, তাঁদের এ কাজকে তেমন মূল্যায়ন করা হয় না। এমনকি গণমাধ্যমেও ভালো কাজের প্রচার কম হয়।
আমি যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করব, এ ক্ষেত্রে প্রণোদনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটা র্যাম্প দেওয়া, একটা টয়লেট করা—এসব আবার সাধারণ মানুষও ব্যবহার করতে পারে। এতে খুব বেশি খরচ হয় না। একটু আন্তরিক, একটু মানবিক হলে এগুলো করা যায়। এটা শুধুই মানসিকতার ব্যাপার।
আমার ফ্যাক্টরিতে যেসব প্রতিবন্ধী ব্যক্তি কাজ করেন, তাঁদের ছবি বোর্ডে চিহ্নিত করা আছে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা করার মানুষ থাকে। এ ক্ষেত্রে মালিক, প্রশাসন ও অন্য সবাই মিলে ইতিবাচক থাকা প্রয়োজন।
যা-ই হোক, দায়িত্ব থেকেই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিয়েছি। আমার প্রতিষ্ঠানে মোট কর্মীর ১ শতাংশ প্রতিবন্ধী কর্মী হবে, এটাই আমার ইচ্ছে। তাঁরা যথেষ্ট দায়িত্বশীল ও ভালো কাজ করেন। ভবিষ্যতে সবাই তাঁদের জন্য এগিয়ে আসবেন বলে আশা করি।
জিআইজেড আমাদের গুরুত্বপূর্ণ অনেক কিছুর জন্য প্রথম উদ্যোগ নিয়েছে। আজ থেকে ১২ বছর আগে তারা প্রথম কমপ্লায়েন্সের জন্য বিনিয়োগ করেছিল। তাদের হাত ধরেই প্রথম কমপ্লায়েন্স দল তৈরি হয়। অগ্নিনিরাপত্তা নিয়ে আমরা প্রথম কাজ করি জিআইজেডের সেঙ্গ জার্মান সরকারের অর্থায়নে। জিআইজেড এখন পরিচ্ছন্ন উৎপাদন, পণ্যবৈচিত্র্য, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে।
জার্মান সরকার যে উদ্যোগ নিয়েছে, তা প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিেত ভূমিকা রাখছে। আশা করি, ভবিষ্যতেও সবাই একসঙ্গে কাজ করব।
বেটিনা স্মিথ

সবাই খুব ভালো আলোচনা করেছেন। বিশেষ করে, সচিব মিকাইল শিপার জিআইজেডের কাজ সম্পর্কে বলেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হলো তাঁদের প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের কাজের উপযোগী করে তোলা প্রয়োজন।
জিআইজেড মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিজিএমইএ, বিকেএমইএ এবং আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার সিডিডি ও সিআরপির সঙ্গে বিভিন্নভাবে কাজ করছে।
আমরা সবার সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ দিতে চাই এবং তাঁদের কাজের সুযোগ দিতে চাই, যাতে তাঁরা সমাজের মূলধারায় ফিরে আসতে পারেন। শুরুতে হয়তো তাঁদের কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হবে। কিন্তু যদি তাঁদের কাজের পরিবেশ ঠিক থাকে, যেমন র্যাম্প, টয়লেটসহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকে, তাহলে ধীরে ধীরে তাঁরা অনেক ভালো করবেন।
আমাদের সহযোগী সংস্থা সিডিডি কারখানা পরিদর্শন করে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পরামর্শ দিয়ে থাকে। তারা বোঝার চেষ্টা করছে, কারখানাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের উপযোগী কি না। বিভিন্নভাবে আমরা কমিউনিটিকে প্রতিবন্ধী মানুষের বিষয়ে সচেতন করার চেষ্টা করছি।
এখন প্রতিবন্ধী মানুষেরা পোশাকশিল্পে কাজ করছেন। মালিকেরাও তাঁদের কাজে নিচ্ছেন, কারণ মালিকেরা বুঝতে পারছেন তাঁরা অনেক ভালো কাজ করেন। যেসব কারখানা প্রতিবন্ধী মানুষকে কাজের সুযোগ দেবে, সরকারের পক্ষ থেকে তাদের কর রেয়াতের সুযোগ থাকা উচিত।
প্রতিবন্ধী মানুষেরাও পোশাকশিল্পে কাজ করতে চান। জার্মান মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) প্রণীত কর্মপরিকল্পনা নমুনাভিিত্তক কয়েকটি দেশে মূল্যায়নের কাজ করছে। বাংলাদেশ ও জার্মান সরকারের যৌথ প্রকল্প—প্রমোশন অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস ইন দি ইন্ডাস্ট্রি (পিএসইএস)। বিএমজেডের পক্ষে বাংলাদেশে এই পিএসইএস প্রকল্প বাস্তবায়ন করছে জিঅাইজেড।
কয়েকটি দেশে আমরা কাজ করছি। বাংলাদেশও তাদের মধ্যে একটি। ভবিষ্যতেও জার্মান সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে আশা করি।
ওসমান খালেদ

প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কত, সেটা আমরা জানি না। প্রতিবন্ধী–বিষয়ক নীতি বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। প্রতিবন্ধী মানুষের তথ্য কীভাবে সংশ্লিষ্ট সবাইকে জানানো যায়, সে জন্য কোনো একটি উদ্যোগের মাধ্যমে সবাইকে জানানোর ব্যবস্থা করা প্রয়োজন।
গাজীপুরে কেয়া কসমেটিকসে অনেক শ্রবণপ্রতিবন্ধী মানুষ কাজ করেন, এটা আমাদের সবার জন্য শিক্ষা হতে পারে। প্রতিবন্ধী মানুষকে আসলে বসে থাকতে হয়। তাঁদের কাজের তেমন কোনো সুযোগ থাকে না।
তৈরি পোশাকশিল্পে প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণের একটা বড় সুযোগ হতে পারে। এভাবে প্রতিবন্ধী মানুষের ও সমাজের উন্নয়ন ঘটতে পারে। পোশাকশিল্পের সবাই প্রতিবন্ধী মানুষেক সুযোগ দিচ্ছে কি না, এ বিষয়ে একটি তদারক সংস্থা থাকতে পারে।
পোশাকশিল্প যেন সত্যি সত্যি প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে লাগিয়ে তাঁদের অধিকারকে প্রতিষ্ঠিত করে। প্রতিবন্ধী মানুষেরা যেন পিছিয়ে না পড়েন। সমাজে আর সবার মতো যেন বেঁচে থাকতে পারেন, সে ব্যাপারে সবার এগিয়ে আসা প্রয়োজন।
নাফিসুর রহমান

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে লাগানো জরুরি। কারণ, ৫০ লাখ কর্মোপযোগী প্রতিবন্ধী মানুষ আছেন। এঁদের কাজ না দিতে পারলে চরম দারিদ্র্যের মধ্যে পড়ে যাবে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
পোশাকশিল্প খাত বাংলাদেশে একটি বড় কর্মক্ষেত্র। প্রতিষ্ঠানের বিভিন্ন কমপ্লায়েন্সের সঙ্গে প্রতিবন্ধী ব্যিক্তদের বিষয়টি আছে কি না, সেটিও একটি জরুরি বিষয়। প্রতিটি কারখানা যাতে ৩ থেকে ৫ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগ দেয়, সরকার এমন একটা নিয়ম করতে পারে। কারণ, চাকরি পাওয়া একজন প্রতিবন্ধী মানুষের অধিকার।
যাঁরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করেছেন, তাঁরা সবাই বলেছেন এঁরা ভালো কাজ করেন। এঁরা চাকরি ছেড়ে যান না। দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে নিবিড়ভাবে কাজ করেন। এ এইচ আসলাম সানি বলেছেন, তাঁর প্রতিষ্ঠানে ১১ বছর ধরে প্রতিবন্ধী মানুষেরা কাজ করছেন। নিশ্চয়ই তাঁদের দক্ষতা আছে। না হলে একটি প্রতিষ্ঠান এত দিন তাঁদের রাখবে না।
কাজে নিয়োগের পর সবাই বুঝতে পারছেন তাঁরা অনেক ভালো কর্মী। ভালো কাজ করেন। অনেক সময় তাঁরা প্রতিষ্ঠানের সেরা কর্মী নির্বাচিত হন।
প্রতিবন্ধী মানুষেরা কাজ করলে বেতন পাবেন, এটাই শেষ কথা নয়। তাঁদের সম্মানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সব ধরনের কমপ্লায়েন্সের সঙ্গে প্রতিবন্ধিতার বিষয়টি যুক্ত করা প্রয়োজন। প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ-সুবিধা বাড়লে সম্পূর্ণ প্রতিষ্ঠানেরই উন্নয়ন ঘটবে।
কিশোর কুমার সিং

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নীতি ও আইন আছে। অন্যান্য দেশ থেকে এখানে প্রতিবন্ধী মানুষের অবস্থা যে খারাপ, তা কিন্তু নয়। অনেক সময় হয়তো ধারণা করা হয় প্রতিবন্ধী মানুেষরা শুধু পোশাক খাতের জন্যই উপযুক্ত। তাঁরা সব খাতেই কাজ করতে পারেন।
তবে পোশাক খাত বাংলাদেশের সবচেয়ে বড় খাত। দেশের ৮২ শতাংশ বৈদেশিক মুদ্রা এই খাত থেকে আসে। তিনিট বিষয় খুব গুরুত্বপূর্ণ। সচেতনতা, প্রবেশগম্যতা ও দায়দায়িত্ব।
সচেতনতা বলতে কেবল কোনো একটি জনগোষ্ঠী সচেতন হলেই হবে না। এখানে যাঁরা প্রতিবন্ধী মানুষ তাঁদের সচেতনতা, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ যাঁরা দেবেন, তাঁদের সচেতনতা, নিয়োগকর্তাদের সচেতনতাসহ কম–বেশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন।
প্রতিবন্ধী মানুেষর ক্ষেত্রে যাঁরা দক্ষতার প্রশিক্ষণ দেন, নিয়োগকর্তা, প্রতিবন্ধী মানুষসহ সবাই কিন্তু খুব কম সচেতন। প্রতিবন্ধী ব্যক্তিরা স্কুলে শিক্ষার সুযোগ তেমন পাচ্ছেন না। কারণ, এখানে তাঁদের জন্য যে ধরনের সুযোগ-সুবিধা, বিশেষ করে র্যাম্প ও টয়লেট থাকা প্রয়োজন, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সেটা নেই।
তাঁরা পড়াশোনা করতে না পারলে দক্ষতা অর্জনের পথে এটা বড় বাধা হয়ে দাঁড়াবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে তাঁদের পড়াশোনার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন। তাঁরা পরিবহন, কর্মস্থলসহ অন্যান্য ক্ষেত্রে কীভাবে যাতায়াত করবেন, প্রতিবন্ধী মানুষের জন্য এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
সরকারসহ অনেকেই প্রতিবন্ধী মানুষের প্রতি তাঁদের দায়দায়িত্ব নিয়ে কাজ করেন। কিন্তু এ জন্য প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য। তাঁদের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে যে ধরনের তথ্যের প্রয়োজন, তা কিন্তু নেই।
তথ্য না থাকার জন্য কোন ধরনের কত প্রতিবন্ধী ব্যক্তি আছেন, সেটা জানা যাচ্ছে না। ফলে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী তাঁদের জন্য কোনো সঠিক পরিকল্পনা করা যাচ্ছে না।
তাই কোন পেশায় কী ধরনের প্রতিবন্ধী মানুষ কাজের সুযোগ পাবেন, তথ্যের অভাবে সেটা জানা যাচ্ছে না। ক্রেতাদের দিক থেকেও একটা দায়দায়িত্ব থাকা প্রয়োজন। সবাই সবার দায়িত্ব পালন করলে প্রতিবন্ধী মানুষের ভবিষ্যতে আরও উন্নয়ন ঘটবে বলে আশা করি।
মো. সামছুজ্জামান ভূইয়া

আগের চেয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক উন্নয়ন হচ্ছে। ইতিমধ্যে আলোচনা থেকে জানা গেল, পোশাক কারখানায় তাঁরা কাজের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে এ সংখ্যা বাড়তে থাকবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্নভাবে মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। সুযোগ পেলে সবাই তাঁদের অপমান করার চেষ্টা করেন। সরকারি পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগের একটা বাধ্যবাধকতা আছে। বেসরকারি পর্যায়ে ১ শতাংশ প্রতিবন্ধী মানুষ যেন নিয়োগপ্রাপ্ত হয়, সে ব্যবস্থা করা প্রয়োজন।
প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী সবাইকে নিয়োগ দেওয়া যায় না, প্রতিবন্ধী মানুষের ক্ষেত্রে এটাও একটা সমস্যা।
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের পর তাঁর কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা, বেতন, ছুটি—এসব ক্ষেত্রে আমরা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুসারে ভূমিকা রাখতে পারি। এই আইনের ৪৪ ধারায় কিশোর ও প্রতিবন্ধী শ্রমিকের অধিকারের বিষয়ে বলা আছে।
আরেক ধারায় আছে, কোনো প্রতিবন্ধী শ্রমিককে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া যাবে না। এ আইনে কিশোরদের জন্য বলা হয়েছে যে তারা প্রতিদিন ৭ ঘণ্টা, সপ্তাহে ৪২ ঘণ্টা কাজ করবে, রাতে কাজ করবে না, ঝুঁকিপূর্ণ কাজ করবে না ইত্যাদি।
এসব বিষয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিবেচনা করা প্রয়োজন। আমরা আমাদের কারখানা পরিদর্শন তালিকায় এসব বিষয় অন্তর্ভুক্ত করে পরিদর্শন করতে পারি।
এ বি এম খোরশেদ আলম

আমরা জাতীয় দক্ষতা উন্নয়ননীতি বাস্তবায়ন করে থাকি। ২৩টি মন্ত্রণালয় ও ৩০টি বিভাগ নীতি বাস্তবায়নের সঙ্গে জড়িত।
প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের প্রান্তিক জনগোষ্ঠী যেন দক্ষতা উন্নয়নের সুযোগ পায়, সে লক্ষ্যে কাজ করি। এ জন্য কৌশলপত্র প্রণয়ন করেছি। আমাদের নির্বাহী পরিষদ সেটা অনুমোদন করেছে। জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের পরবর্তী সভায় এটা অনুমোদিত হবে বলে আশা করি।
দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানগুলো সবাই আমাদের সঙ্গে সম্পর্কিত। দক্ষতা উন্নয়ন কৌশলপত্র অনুমোদনের পর সবাই এটি অনুসরণ করবে বলে আশা করি।
ইতিমধ্যে অামরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি। যারা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত, তাদের সবার প্রতিনিধিত্ব এখানে আছে। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি। এ বিষয়ে আলাপ-আলোচনা করে থাকি।
জিআইজেডকে অনেক ধন্যবাদ যে তারা সিডিডি, বিজিএমইএ, বিকেএমইএ সবাইকে নিয়ে ফলপ্রসূ উদ্যোগ নিয়েছে। আমিও এ উদ্যোগের সঙ্গে আছি। তাদের এ উদ্যোগ ভবিষ্যতে আমাদের কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে।
সরকারি-বেসরকারিভাবে যারা দক্ষতা উন্নয়নের সঙ্গে জড়িত, তারা যেন প্রতিবন্ধী মানুষের দক্ষতা উন্নয়নের বিষয়টিতে গুরুত্ব দেয়, এ ব্যাপারে আমাদের নির্দেশনা আছে। প্রশিক্ষণকেন্দ্রগুলো যেন প্রতিবন্ধীবান্ধব হয়, সে ক্ষেত্রেও আমাদের নির্দেশনা আছে।
এসব বিষয় নিয়ে আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছি। প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্যের প্রসঙ্গ এসেছে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়।
কারখানার মালিকের কাছে যদি সব ধরনের প্রতিবন্ধী মানুষের তথ্য থাকে, তাহলে তিনি সহজেই নিয়োগ দিতে পারবেন। তাই প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী তথ্যভান্ডারের কাজ গুরুত্বের ভিত্তিতে করা প্রয়োজন।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সবাইকে আন্তরিক হতে হবে।
আব্দুল কাইয়ুম: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সবাইকে উন্নয়নের ধারায় যুক্ত করতে হবে। কোনো মানুষকে পেছনে ফেলে রেখে উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের বিষয়ে জরুরি ভিত্তিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সংশ্লিষ্ট সবাই এ ক্ষেত্রে এগিয়ে আসবেন বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আলোচনায় সুপারিশ
* প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মোপযোগী করার উদ্যোগ নিতে হবে
* তৈরি পোশাকশিল্প কারখানায় কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিরা যেন কোনো বৈষম্যের শিকার না হন, সেটা নিশ্চিত করতে হবে
* প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য মানসিকতার পরিবর্তন করতে হবে। প্রতিষ্ঠানের প্রশাসনকে সহযোগী হতে হবে।
* প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সঠিক কর্মপরিবেশ নিশ্চিত করতে যেমন র্যাম্প, টয়লেটের ব্যবস্থা রাখতে হবে।
* প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তাঁদের সঠিক পরিসংখ্যান থাকা জরুরি
* প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য কর রেয়াতের বাস্তবায়ন প্রয়োজন
যাঁরা অংশ নিলেন
মিকাইল শিপার : সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
মো. সামছুজ্জামান ভূইয়া : অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর
এ বি এম খোরশেদ আলম : প্রধান নির্বাহী কর্মকর্তা, জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল (এনএসডিসি সচিবালয়)
মোহাম্মদ নাছির : সহসভাপতি (ফাইন্যান্স), বিজিএমইএ
এ এইচ আসলাম সানি : প্রথম সহসভাপতি, বিকেএমইএ
বেটিনা স্মিথ : সিনিয়র অ্যাডভাইজর, পিএসইএস প্রকল্প,বাস্তবায়নে জিআইজেড
এ এইচ এম নোমান খান : নির্বাহী পরিচালক, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট
ওসমান খালেদ : সভাপতি, সোসাইটি অব দ্য ডিফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারস
নাফিসুর রহমান : পরিচালক, জাতীয় প্রতিবন্ধী ফোরাম
নাজমুল বারী : পরিচালক, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট
কিশোর কুমার সিং : সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ, আন্তর্জাতিক শ্রম সংস্থা
সঞ্চালক
আব্দুলকাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথমআলো