তোতনের দিনকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোতন আর সরস্বতী রানী l প্রথম আলো
তোতন আর সরস্বতী রানী l প্রথম আলো

‘বছর দুই আগে বৈশাখ মাসের এক দুপুর। রান্নায় ব্যস্ত ছিলাম। হঠাৎ ঘরের চালে এসে বসল একটি টিয়া পাখি। এ রকম পাখি আগেও দু-একবার এসেছে। তাই আলাদা করে মনোযোগ ছিল না। দিন শেষে পাখিটা চলেও গেল। কিন্তু পরদিন ভোরে এসেই আবার ডাকাডাকি শুরু করল। সারা দিন বাড়ির উঠান থেকে এটা-সেটা খাওয়া আর ওড়াউড়ি করে সন্ধ্যায় আবার চলে গেল। এভাবে কিছুদিন চলার পরে বুঝতে পারলাম পাখিটি এখানেই থাকতে চায়। পাখিটির নাম দিলাম তোতন। এভাবেই চলছে আমার আর তোতনের দিন।’
তোতন নামের টিয়া পাখিটির সঙ্গে নিজের সখ্যের কথা বলছিলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের মৃত সুকুমার চন্দ্র শীলের স্ত্রী সরস্বতী রানী শীল (৪৮)। তাঁর বাড়িতেই দিনের বেশির ভাগ সময় থাকে পাখিটি। পাখিটির জন্য তিনি একটি খাঁচা তৈরি করে দিলেও তাতে অবশ্য ঢোকে না তোতন। মুক্ত পরিবেশে ঘোরাফেরা করে। ঘুরে বেড়ায় আশপাশের বাড়িতেও। এখন সবার প্রিয় হয়ে উঠেছে এই পাখিটি।

সরস্বতী রানীর বাড়িতে গত সোমবার বিকেলে গিয়ে জানা যায়, দুই মেয়ে জয়ন্তী রানী ও ঝুমা রানীকে বিয়ে দিয়েছেন। ছেলে সম্পদ কুমার কাজ করেন শাহজাদপুরে। একটি গরু আর কয়েকটি হাঁস-মুরগি নিয়ে চার শতকের বসতভিটায় একাই থাকেন। এখন টিয়া পাখিটি তাঁর জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে। যেখানেই তিনি যান, পেছন পেছন তোতনও উড়ে চলে। কখনো এসে বসে তাঁর কাঁধে। আবার কখনো মাথায়। সারা দিন দুধ, কলা, বিস্কুট, বাদামসহ নানা খাবার দেওয়া হয় তোতনকে। এই নারী বলেন, ‘আমি আর তোতন মিলে আমাদের ছোট্ট সংসার। ভালোই আছি।’

এলাকার প্রবীণ উপেন্দ্রনাথ শীল (৭২) বলেন, ‘আমরা সনাতন ধর্মাবলম্বীরা জন্মান্তরবাদে বিশ্বাসী। হয়তো তোতন এক জন্মে সরস্বতীর আপনজন ছিল।’ রায়গঞ্জ উপজেলার পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, অনেকে হাটবাজার থেকে পশুপাখি কিনে এনে খাঁচায় পোষ মানানোর চেষ্টা করেন। কিন্তু সরস্বতী রানী শীল খাঁচা ছাড়াই বনের পাখি পুষছেন।