তোপের মুখে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য, গাড়ি 'জব্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন আজ সোমবার আন্দোলনকারী শিক্ষকদের তোপের মুখে ক্যাম্পাস ছেড়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে তাঁর জন্য বরাদ্দ দেওয়া গাড়ির চাবিটি কেড়ে নিয়ে গাড়িটিও রেখে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে নয়টার দিকে উপাচার্য ক্যাম্পাসে এসে সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদের বাসায় যান। উপাচার্যের ক্যাম্পাসে আসার খবর পেয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের প্রায় অর্ধশত শিক্ষক সহ-উপাচার্যের বাসায় আসেন এবং উপাচার্যকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। তাঁরা উপাচার্যের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেওয়া গাড়িটির চাকার হাওয়া ছেড়ে দেন এবং গাড়ির চাবি কেড়ে নেন। এ অবস্থায় উপাচার্য সকাল সোয়া ১০টার দিকে কোষাধ্যক্ষ আবুল খায়েরের ব্যক্তিগত গাড়িতে করে ক্যাম্পাস ছাড়েন।
জানতে চাইলে ঐক্য ফোরামের সদস্যসচিব মুহাম্মদ কামরুল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘উপাচার্য ছুটিতে আছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে তিনি ব্যক্তিগত কাজ করছেন। তাই আমরা গাড়ি জব্দ করেছি। আর আগেই আমরা জানিয়েছি, আনোয়ার হোসেন ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁকে প্রতিহত করা হবে।’
উপাচার্যের ফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, উপাচার্য আনোয়ার হোসেন গত ২০ নভেম্বর থেকে চিকিত্সাজনিত কারণ দেখিয়ে ছুটিতে আছেন। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন। ৫ ডিসেম্বর আনোয়ার হোসেন পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়েন। ৯ ডিসেম্বর আন্দোলনকারী শিক্ষকেরা উপাচার্যকে আর ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়ে তাঁর বাসভবনে তালা ঝুলিয়ে দেন।