তোপের মুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক (সুপার) মো. আলমগীর হোসেন গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যদের তোপের মুখে পড়েন। জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, অধিদপ্তরের নিষ্ক্রিয়তার কারণে জেলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ছয় মাস ধরে আমি এ উপজেলায় কর্মরত। এর মধ্যে অধিদপ্তরের কর্মকর্তারা নিকলীতে মাদকবিরোধী কোনো অভিযান পরিচালনা করেছেন বলে আমার জানা নেই।’ সভায় নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধায়ক মো. আলমগীর হোসেনের কাছে জানতে চান, তিনি সপ্তাহে কত দিন অফিস করেন? জবাবে আলমগীর হোসেন জানান, ঢাকা কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করায় সপ্তাহের শুক্র ও শনিবার তিনি কিশোরগঞ্জ থাকেন। তাঁর এ বক্তব্যের পর উপস্থিত সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। সভায় জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানেরা অভিযোগ করেন, অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কার্যত কোনো কাজ করেন না। তাই কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসার বিস্তার ঘটছে। সভায় জানানো হয়, গত এক মাসে অধিদপ্তরের কর্মকর্তারা মাদকবিরোধী দুটি অভিযান পরিচালনা করেছে। এতে গাঁজা ও মদ উদ্ধারের তথ্য উপস্থাপন করা হয়। মাত্র দুটি অভিযান পরিচালনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। জেলা প্রশাসক অধিদপ্তরের কর্মতৎপরতা বাড়ানোসহ নিয়মিত অভিযান পরিচালনার তাগিদ দেন। সভায় কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর ও পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান মো. সোহরাবউদ্দিন বলেন, অধিদপ্তর সক্রিয় হলেই জেলায় মাদক ব্যবসা কমে আসবে।কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা সভায় দাবি করেন, জেলার ১৩টি থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ অঞ্চলের তত্ত্বাবধায়ক (সুপার) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, আগামী মাস থেকে মাদক নির্মূলে ঝটিকা অভিযান পরিচালনা করে পরিস্থিতির উন্নতি ঘটাব।