তোফা ও তহুরাকে পোস্ট অপারেটিভে রাখা হবে আরও কয়েক দিন

তোফা ও তহুরা ভালো আছে। তারা মায়ের বুকের দুধের পাশাপাশি অন্য খাবারও খেয়েছে। তাদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হবে আরও কয়েক দিন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান হাসপাতালের পরিচালক মিজানুর রহমান এবং শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলাম।
পিঠ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল তোফা-তহুরা। ১০ মাস বয়সী গাইবান্ধার এই শিশুদের গত মঙ্গলবার আলাদা করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।
বার্ন ইউনিটে ভর্তি বিরল রোগে আক্রান্ত মুক্তামণির সার্বিক অবস্থা জানানোর জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তোফা ও তহুরার সার্বিক অবস্থাও বর্ণনা করেন চিকিৎসকেরা।
সাহনূর ইসলাম বলেন, তোফা-তহুরাকে অস্ত্রোপচার করে আলাদা করার বিষয়টি সফল হয়েছে। পুরোপুরি সফল তখনই বলা যাবে, যখন তারা বাবা-মায়ের কোলে উঠে বাড়ি ফিরতে পারবে। বাড়ি পাঠানোর পর তাদের পুনর্বাসনের বিষয়টিও দেখা হবে। অস্ত্রোপচারের পর থেকে এই দুই শিশু পোস্ট অপারেটিভ কক্ষে আছে। শিশু সার্জারি ওয়ার্ডে এক বিছানায় একসঙ্গে দুই-তিন শিশুকে রাখা হয়। সংক্রমণের ঝুঁকি থাকায় তাদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হবে আরও কয়েক দিন।