তোফা ও তহুরাকে শুভেচ্ছা জানালেন ডিসি, ইউএনও

নানার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে ফিরেছে যমজ শিশু তোফা ও তহুরা। গতকাল সোমবার বিকেলে কাশদহ গ্রামে গিয়ে তাদের ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এবং সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কিবরিয়া। এ সময় তাঁরা শিশু দুটির মা–বাবার হাতে উপহারসামগ্রী তুলে দেন। তাঁরা কোলে নিয়ে শিশু দুটিকে আদর করেন।
এদিকে তোফা ও তহুরাকে একনজর দেখতে গতকাল সকাল থেকেই তাদের নানার বাড়িতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমতে থাকে। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তারা ঢাকা থেকে নানার বাড়ি এসে পৌঁছায়।
গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কাশদহ গ্রাম। গতকাল বেলা তিনটায় তোফা ও তহুরার নানার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে মানুষের উপচে পড়া ভিড়। বাড়ির আঙিনায় শিশু দুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মা সাহিদা বেগম ও নানা শহীদুল ইসলাম। এ সময় শিশু দুটি কাঁদছিল। কাঁদছে কেন জানতে চাইলে মা সাহিদা বেগম বললেন, ‘দীর্ঘদিন তোফা ও তহুরা হাসপাতালের এসি রুমে ছিল। আমাদের বাড়িতে বিদ্যুৎ নেই। ওরা গরমের কারণে কাঁদছে।’
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, তোফা ও তহুরা জন্মের সময় শারীরিকভাবে যুক্ত ছিল। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁদের মেধা ও দক্ষতা দিয়ে শিশু দুটিকে পৃথক করার কাজে সফল হয়েছেন। সরকার বিষয়টি সার্বিকভাবে তদারকি ও সহায়তা করেছে। শিশু দুটির সুস্থতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে শিশু দুটির লেখাপড়ার বিষয়ে প্রশাসনিকভাবে সার্বিক সহায়তা করা হবে। তাদের বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আপাতত সৌরবিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হবে।’