তোফা-তহুরা হবে আলাদা মানুষ

প্রায় ১০ মাস ধরে জোড়া অবস্থায় একসঙ্গে তোফা ও তহুরা। একজন হাসে তো আরেকজন কাঁদে, একজন ঘুমায় তো, অন্যজন তাকিয়ে থাকে। পিঠের নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত দুজনের শরীর জোড়া লাগানো। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘পাইগোপেগাস’ বলা হয়। এবার এই দুই শিশুকে আলাদা করা হবে। এ জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তোফা ও তহুরার শারীরিক অবস্থা ভালো থাকলে আগামী ১ আগস্ট তাদের অস্ত্রোপচার করা হবে।
শিশু সার্জারি বিভাগের চিকিৎসকেরা জানালেন, এই অস্ত্রোপচার সফল হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে তারাই হবে জোড়া লাগানো প্রথম শিশু, যাদের আলাদা করা গেল। আর বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশুকে আলাদা করার ঘটনা এটি প্রথম হবে। এর আগে ঢাকা শিশু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে তিন জোড়া শিশুকে অস্ত্রোপচার করে আলাদা করা হয়েছে, তাদের ধরন ছিল আলাদা।
তোফা-তহুরা এবারই প্রথম ঢাকা মেডিকেলে এল এমনটা নয়। এ নিয়ে তারা চতুর্থবারের মতো সার্জারি বিভাগে। জন্মের পরই দেখা যায় তাদের পায়খানার রাস্তা একটি। তাই জন্মের আট দিনের মাথায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অস্ত্রোপচার করে দুজনের পেটে আলাদা করে পায়খানার রাস্তা করে দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, তোফা ঘুমায় তো তহুরা চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কোনো কোনো সময় দুজনই একসঙ্গে চিৎকার। আবার মেজাজ যখন একটু ভালো থাকে, তখন চার হাত-পা নেড়ে খেলে। গাইবান্ধা থেকে ঢাকা আসতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়েছে। তাই তাদের বাবা রাজু মিয়া ও মা শাহিদা বেগম সারাক্ষণ ব্যস্ত মেয়েদের সামলাতে।
শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলামের অধীনে এই শিশুরা ভর্তি। তিনি জানান, তাদের প্রায় সবকিছু আলাদা থাকলেও তাদের রুরাল কভারিং বা স্নায়ু রজ্জুর আবরণী পর্দা একসঙ্গে লেগে আছে। ফলে অস্ত্রোপচারের সময় এ আবরণী পর্দা আলাদা করে আবার সেলাই করে লাগিয়ে দেওয়া হবে। অনেক সময় এতে আবার ছিদ্র হওয়ার আশঙ্কা থাকে। তা হলে শিশুরা যেমন হাত-পা নেড়ে খেলছে, তখন হাত-পা নাড়তে না পারা, প্রস্রাব, পায়খানা নিয়ন্ত্রণে রাখতে না পারার শঙ্কা থেকেই যাচ্ছে।
সাহনূর ইসলাম বলেন, ‘মেয়েদের মা খুব আশাবাদী। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাবা ও মায়ের আশা পূরণ করার চেষ্টা করব। বাবা ও মাকে প্রতিনিয়ত কাউন্সেলিং করা হচ্ছে, যাতে যেকোনো বড় দুর্ঘটনা ঘটলে তা মেনে নিতে পারেন।’

তোফা ও তহুরার বাবা ও মা একদিকে খুশি, আবার পরক্ষণেই অজানা ভয়ে কুঁকড়ে যাচ্ছেন। মা শাহিদা বললেন, ‘মেয়ে দুইটা জন্মানোর পর থেকে খুব কষ্ট করছি। এই পর্যন্ত একটানা আধা ঘণ্টা সময় ঘুমাইছি কি না সন্দেহ। মেয়েরা আলাদা হবে, কিন্তু...।’ এই বাবা ও মা সবার কাছে দোয়া চাইলেন।
রাজু ও শাহিদা দম্পতির পাঁচ বছর বয়সী এক ছেলে আছে। দুই মেয়ে জন্ম হওয়ার আগে শাহিদা জানতেন না তাঁর পেটে যমজ বাচ্চা। বাড়িতেই তিনি মেয়েদের জন্ম দেন। তখনই দেখেন যমজ এবং জোড়া লাগানো। এই দুই মেয়েকে দেখতে আসা মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে পরিবারটিকে। এখন পর্যন্ত মানুষের ঢল অব্যাহত আছে। অনেকে আবার এমন সন্তান জন্ম দেওয়ার কারণে মাকে কটু কথা বলতেও ছাড়েন না।