তোফায়েল-আমু-ইনুর জালে আটকা হাসিনা: নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘৫ জানুয়ারির ভোটারবিহীন ও প্রার্থীবিহীন প্রহসনের নির্বাচনে কোনো বিদেশি পর্যবেক্ষক আসবে না। জনগণ ইতিমধ্যে একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে, যার কারণে ১৫৪ আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। লোকলজ্জার ভয়ে আওয়ামী লীগ স্বীকার না করলেও প্রহসনের নির্বাচন তাদের জন্যও বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও হাসানুল হক ইনুর ষড়যন্ত্রের কারেন্ট জালে আটকা পড়েছেন শেখ হাসিনা।’
আজ সোমবার চট্টগ্রামের নাসিমন ভবনের পাশে নূর আহমেদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
এর আগে ১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে নূর আহমেদ সড়কে একটি মিছিল হয়। মিছিল শেষে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসাইন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
এদিকে ছাত্রদলের নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তারের প্রতিবাদে আজ দুপুরে নগরের নূর আহমেদ সড়কে মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন মোহাম্মদ শহীদের সভাপতিত্বে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার নীলনকশার নির্বাচনে ছাত্রদলকে মূল প্রতিবন্ধকতা মনে করছে। তাই গণহারে ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে।