তোফায়েল-নাসিমের তোপের মুখে মিজানুর রহমান
গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনার বিচার সরকার ও রাষ্ট্রের ব্যর্থতার কারণে সম্ভব হয়নি বলে মন্তব্য করায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের তোপের মুখে পড়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান খান।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের এক অনুষ্ঠানে মিজানুর রহমান সরকারের ব্যর্থতা উল্লেখ করে বক্তব্য দেওয়ার পর ওই অনুষ্ঠানে উপস্থিত দুই মন্ত্রী তাঁর কড়া সমালোচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মিজানুর রহমান বলেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, সরকার ও রাষ্ট্রের ব্যর্থতার জন্য তার বিচার হয়নি। দেশের স্বাধীনতার বিরোধী একটি গোষ্ঠী সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পত্রিকায় প্রকাশিত নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের একটি শিশুর ছবির দিকে ইঙ্গিত করে মিজানুর রহমান বলেন, ‘এই ছোট্ট শিশুর চোখের জলের কী জবাব দেব আমরা?’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অভিযোগ করে আরও বলেন, ‘সরকারের কাছের ও প্রভাবশালী দুই মন্ত্রীর কাছে বলতে চাই, আমরা মানবাধিকার কমিশন থেকে যখন ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি, তখন দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় হাতে গোনা কয়েকজনকে এজাহারভুক্ত আসামি করা হলেও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েক শ বা কয়েক হাজার।’ মিজানুর রহমান বক্তব্য দেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী।
পরে অনুষ্ঠানে মিজানুর রহমানের বক্তব্যের পাল্টা জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘হামলার সঙ্গে কারা জড়িত, এটা সবার কাছে স্পষ্ট। এখানে একজন বক্তব্য দিয়ে চলে গেলেন, কিন্তু যারা সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো কথা বললেন না।’ তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘কেন বললেন না? কারণ এরা হলো সেই শক্তির বংশদলীয় ও তাদের ধারক। এরা তাদের খরচ জোগায়।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদও বক্তব্য দেওয়ার সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সমালোচনা করেন। তিনি বলেন, ‘এখানে একজন মন্ত্রীদের উদ্দেশে বক্তব্য দিয়ে গেছেন। কিন্তু সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের নামটি পর্যন্ত উল্লেখ করলেন না। এখানে আমাদের বুদ্ধিজীবীদের সঙ্গে বিএনপি-জামায়াতের বুদ্ধিজীবীদের পার্থক্য রয়েছে। তারা স্পষ্ট করে কথা বলেন না। যেটা প্রকারান্তরে বিএনপি জামায়াতের পক্ষেই যায়।’
এর আগে বেলুন উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যমত সেক্টর কমান্ডার সি আর দত্ত বীর উত্তম। পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রমুখ।