তোফায়েল সম্পর্কে মনজিলের বক্তব্য মিথ্যা-ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাংসদ তোফায়েল আহমেদ সম্পর্কে আইনজীবী মনজিল মোরসেদ যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা মনজিল মোরসেদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন।এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন লিখিত বক্তব্যে বলেন, ‘সংসদ ও বিচার বিভাগ নিয়ে মনজিল মোরসেদ যে বক্তব্য দিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। ভোলায় দরপত্র ক্রয় ও জমায় বাধা দেওয়া বা পিস্তল উঁচিয়ে হামলা করার কোনো ঘটনা ঘটেনি। সংসদে বিচার বিভাগের বিষয়ে মূল বক্তব্য আড়াল করতে ভোলার একটি মিথ্যা ও বানোয়াট কাহিনি মনজিল মোরসেদ তুলে ধরেন। তোফায়েল আহমেদের মতো একজন জাতীয় নেতাকে ছোট করতে তিনি (মনজিল) এই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ভোলা পানি উন্নয়ন বোর্ডের ২৩ কোটি টাকার ব্লক ও জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিংয়ের (স্থাপন) কাজে তোফায়েল আহমেদের কোনো আত্মীয়স্বজন অংশ নেননি, এমনকি জড়িতও ছিলেন না। দেশের বিভিন্ন স্থানের ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই টেন্ডারে অংশ নেয়। তাই মনজিল মোরসেদের বক্তব্য মনগড়া।’সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র, জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর ও থানা আওয়ামী লীগের নেতা শাহে আলম, পৌর আওয়ামী লীগের সম্পাদক সালাউদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রমুখ।গত বুধবার আদালতে মনজিল মোরসেদ বলেন, ‘ভোলায় ২৩ কোটি টাকার টেন্ডারের একটি ঘটনায় কাউকে অংশ নিতে না দেওয়ায় আমরা একটি মামলা করেছিলাম। মামলায় তোফয়েল আহমেদের একজন ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছিল।’