তোবা থেকে বের হচ্ছেন শ্রমিকেরা

রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেট থেকে তোবার শ্রমিকেরা বের হতে শুরু করেছেন। আজ বুধবার বেলা তিনটার দিক থেকে বিচ্ছিন্নভাবে এক-দুজন করে আন্দোলনরত শ্রমিকেরা বের হতে শুরু করেন। বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত অন্তত ৪০ জন বের হয়েছেন। তবে যাঁরা বের হচ্ছেন পুলিশ আর তাঁদের ভেতরে ঢুকতে দিচ্ছে না।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ ধর্মঘট চলবে। আজ বিকেলে তোবা গ্রুপের কারখানাতেই সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে নারী নেত্রী মোশরেফা মিশু। এ সময় এই ঘোষণাসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা আসবে বলেও তিনি জানান। তোবার কারখানায় অনশনে থাকা অবস্থায় বিকেল সোয়া চারটার দিকে মোবাইল ফোনে প্রথম আলোকে তিনি এ তথ্য জানান। তাঁর নেতৃত্বেই তোবা গ্রুপ সংগ্রাম কমিটির এই আন্দোলন চলছে।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে হোসেন মার্কেটের তালাবদ্ধ প্রধান ফটক খুলে দেওয়া হয়। সেখানে শ্রমিকদের অনশনে বহিরাগত লোকজন আছে, দাবি করে তাঁদের বের করে দিতে ভবনের ভেতরে প্রবেশ করে পুলিশ।ওই মার্কেটে অবস্থিত তোবা গ্রুপের কারখানায় প্রায় এক হাজার পোশাকশ্রমিক অনশন করছেন। মজুরি নিতে শ্রমিকেরা যাতে আজ বিজিএমইএ ভবনে যেতে পারেন, এ জন্য প্রধান ফটকের তালা ভাঙা হয়েছে বলে জানায় পুলিশ।
তবে সাংবাদিকসহ কাউকে কারখানার ভেতরে অনশনস্থলে যেতে দিচ্ছে না পুলিশ। তোবা গ্রুপের শ্রমিকদের সঙ্গে অনশনে বহিরাগত লোকজন আছে—দাবি করে দুপুর ১২টার পর ভেতরে প্রবেশ করে পুলিশ। তারা ইতিমধ্যে বেশ কয়েকজন শ্রমিকনেতা ও চিকিত্সাকর্মীকে কারখানা থেকে বের করে দিয়েছে।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক মঞ্জুর মইন বলেন, পুলিশ তাঁকে জোর করে কারখানার ভেতর থেকে বের করে দিয়েছে। তাঁর ভাষ্য, পুলিশ তাঁকে বলেছে, তিনি বহিরাগত। তিনি শ্রমিকদের সঙ্গে কারখানার ভেতরে থাকতে পারবেন না। একইভাবে অনশনস্থলে থাকা চিকিত্সা দলের সদস্য বিধান বিশ্বাসকেও বের করে দিয়েছে পুলিশ।
তোবা গ্রুপের শ্রমিকদের দুই মাসের মজুরি আজ সকাল নয়টায় নিজেদের কার্যালয় থেকে দেওয়ার কথা জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ। অনশনরত শ্রমিকদের একটি অংশ বলছে, তারা আজ মজুরি আনতে যাবে। অন্য অংশ বলছে, তারা সিদ্ধান্ত নিতে পারছে না।
এর আগে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হোসেন মার্কেটের চারটি প্রবেশপথের সব কটিতে তালা ঝোলানো। ভেতরে অবস্থান করছেন অনশনরত শ্রমিকেরা।
অনশনরত শ্রমিক মো. মিরাজ দাবি করেন, তিনি নিজে দেখেছেন, ভোর ছয়টার দিকে পুলিশ এসে সব কটি গেটে তালা লাগিয়ে দিয়েছে।
পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) নুরুল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমরা কোনো গেটে তালা দিইনি। আমরা কেন তালা দিতে যাব? শ্রমিকেরা আটকে পড়লে আমাদের বলুক। আমরা তালা ভেঙে তাদের বের হতে সাহায্য করব। কিন্তু তারা তো আমাদের কিছু বলছে না।’
কারখানার ভেতরে থাকা তোবার অনশনরত কয়েকজন শ্রমিক বলেন, দুই মাসের মজুরি নিতে আজ তাঁরা বিজিএমইএ ভবনে যাবেন না। তাই তাঁদের আটকে রাখা হয়েছে। তাঁরা একসঙ্গে বকেয়া তিন মাসের বেতন-ভাতা চান।
আজ মজুরি আনতে আগ্রহী পোশাকশ্রমিকদের জন্য গাড়ির ব্যবস্থা আছে বলে তোবা গ্রুপের কারখানার উল্টো পাশে পুলিশের ভ্যান থেকে মাইকে থেমে থেমে ঘোষণা দিতে দেখা গেছে। ঘোষণায় বলা হচ্ছে, শ্রমিকেরা চাইলে আসতে পারেন।
অনশনরত শ্রমিকদের প্রতি সমর্থন জানিয়ে আজ বেলা পৌনে ১১টার দিকে হোসেন মার্কেটের সামনে গণতান্ত্রিক বাম মোর্চার নেতা-কর্মীরা সংহতি সমাবেশ শুরু করে। এ সময় পুলিশ তাঁদের মাইক ও ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েকজন আহত হন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে আমরা সমাবেশ শুরু করি। বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান জোনের এসি নুরুল আলম দাবি করেন, সমাবেশকারীরা এখানে এসে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছিলেন। তাই আমরা তাঁদের সরিয়ে দিতে বাধ্য হয়েছি।’