তোবার মালিক দেলোয়ারের সঙ্গে নৌমন্ত্রীর বৈঠক
তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের সঙ্গে নৌমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক ও বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটার পর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিএমইএর নেতারা জানান, শ্রমিকদের জুলাই মাসের বেতন কীভাবে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
বিজিএমইএ ভবনে এ বিষয়ে ব্রিফ করবেন নৌমন্ত্রী।
২০১২ সালের ২৪ নভেম্বর দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১১ জন পোশাকশ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় করা মামলায় জামিন নিতে গেলে আদালত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠান। গত ২৪ জুলাই তাঁর জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এরপর ৫ আগস্ট মুক্তি পান তিনি।
তোবা গ্রুপের অধীন পাঁচটি প্রতিষ্ঠানের ১৬০০ কর্মী তিন মাসের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে ১১ দিন থেকে অনশন করে আসছেন। আজ বেলা দেড়টার দিকে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে তোবা গ্রুপের তিনটি পোশাক কারখানা থেকে অনশনরত শ্রমিকদের পিটিয়ে বের করে দেয় পুলিশ।
অনশনরত শ্রমিকদের অভিযোগ, দেলোয়ার মুক্তি পেলে তাঁদের বেতন-ভাতা পরিশোধ হবে, মালিকপক্ষ এমন প্রতিশ্রুতি দিয়ে আসছিল। সে কারণে দেলোয়ারের মুক্তি দাবিতে তাঁদের দিয়ে মিছিলও করানো হয় বলে অভিযোগ রয়েছে। বিজিএমইএ শ্রমিকদের মে ও জুন মাসের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই অনুসারে বেশ কিছু শ্রমিক গতকাল ও আজ বেতনও নেন। তবে বাকিরা তিন মাসের বকেয়া বেতন-ভাতা এক সঙ্গে দেওয়ার দাবি জানিয়ে যাচ্ছেন।