তোবার শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ আজ

বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইমের দাবি এবং গতকাল শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিকেল চারটার দিকে দেশের বেশ কয়েকটি শিল্পাঞ্চলে বিক্ষোভ সমাবেশ করবেন পোশাকশ্রমিকেরা।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে সাভারের জামগড়া, রানা প্লাজার সামনে, গাজীপুরের কোনাবাড়ী, মাওনা চৌরাস্তা, নারায়ণগঞ্জ ও উত্তরায় এই বিক্ষোভ সমাবেশ হবে।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির একজন সংগঠক ও শ্রমিকনেত্রী তাসলিমা আক্তার লিমা আজ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
তিন মাসের বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস ও ওভারটাইম একসঙ্গে দেওয়ার দাবিতে ঈদের আগের দিন থেকে রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটে অবস্থিত তোবার পোশাক কারখানায় অনশন করছিলেন পোশাকশ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার অনশনের ১১তম দিনে তাঁদের ওপর চড়াও হয় পুলিশ। লাঠিপেটা ও পিপার স্প্রে (একধরনের ঝাঁজালো পদার্থ) করে শ্রমিকদের ভবন থেকে বের করে দেয়। এ সময় রাস্তায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এর প্রতিবাদে অনশনরত শ্রমিকদের পক্ষে গতকাল দুপুরে শিল্পাঞ্চলসহ দেশের সব পোশাক কারখানায় গতকাল থেকেই অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভানেত্রী ও তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু। এর পরই তাঁকে ও শ্রমিকনেত্রী জলি তালুকদারসহ তিনজনকে আটক করে বাড্ডা থানার পুলিশ।
সেখান থেকে মিশুকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) নিয়ে যাওয়া হয়। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, মিশুকে বিকেলে তাঁর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।
এরমধ্যে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর আয়োজনে দুই মাসের বেতন নিয়েছেন তোবার এক হাজার ৪৭৫ জন শ্রমিক-কর্মচারী।