তোবার শ্রমিকদের বিজিএমইএ ঘেরাও, পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে তোবার শ্রমিকেরা আজ রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন ঘেরাও করার সময় পুলিশ বাধা দেয়। ছবি: মনিরুল আলম
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে তোবার শ্রমিকেরা আজ রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন ঘেরাও করার সময় পুলিশ বাধা দেয়। ছবি: মনিরুল আলম

‘যে হাত বেতন দেয় না, সেই হাত ভেঙে দাও’, ‘আমরা সবাই শ্রমিক সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘মালিকেরা ঈদ করে, শ্রমিকেরা না খেয়ে মরে।’

এসব স্লোগানে মুখরিত হয়েছে রাজধানীর পোশাকশিল্প মালিকদের সংগঠন (বিজিএমইএ) ভবন এলাকা। দাঙ্গাগাড়ি, জলকামান, লাঠিপেটা, পুলিশ ও র্যাবের উপস্থিতিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুই ঘণ্টা বিজিএমইএ ভবন ঘেরাও করেন শ্রমিকেরা। 

তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলে। সম্পূর্ণ বকেয়া বেতন পরিশোধ না করলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।

ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে বিজিএমইএ ভবন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন রয়েছে। কর্মসূচির শুরুতে শ্রমিকেরা বিজিএমইএ ভবনে ঢোকার চেষ্টা চালান। এ সময় পুলিশ তাঁদের মৃদু লাঠিপেটা করে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা ভবনের সামনে সমাবেশ করছেন। সেখান থেকে বিভিন্ন বক্তব্য ও স্লোগান দিচ্ছেন তাঁরা। 

তোবা গ্রুপের শ্রমিক সুমন বলেন, ‘গত রোববার বিজিএমইএর নেতাদের সঙ্গে মন্ত্রীদের যে বৈঠক হয়েছে, সেখানে আমাদের কোনো প্রতিনিধি ছিল না। দুই মাসের বেতন দেওয়ার যে প্রস্তাব বিজিএমইএ দিয়েছে, সেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। তিন মাসের বেতন-বোনাস একসঙ্গে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

সকাল থেকে বিজিএমইএ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে দাঙ্গাগাড়ি, জলকামান, পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে একটু দূরে র্যাবের তিন থেকে চারটি গাড়ি রয়েছে।

বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা রয়েছেন। সেখানে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, শ্রমিক আন্দোলন, গার্মেন্টস শ্রমিক সভা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতিসহ বিভিন্ন সংগঠন রয়েছে। 

আজও চলছে অনশন: বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইমের দাবিতে নবম দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন তোবা গ্রুপের শ্রমিকেরা। রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সপ্তম তলার কারখানায় এ অনশন চলছে। তিন মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকেরা ঈদের আগের দিন সোমবার থেকে অনশন চালিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গত রোববার বিজিএমইএ দুই মাসের মজুরি দেওয়ার ঘোষণা দেয়। আগামীকাল বুধবার টাকা নিয়ে বিজিএমইএ প্রস্তুত থাকবে বলেও জানিয়েছে। তবে শ্রমিকেরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁরা তিন মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন।

শ্রমিকদের নিয়ে রাজনীতির অভিযোগ:

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান বলেন, এখন এই তোবা গ্রুপ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। এই রাজনীতির কারণে শ্রমিকেরা বেতন না নিলে তাঁরাই ক্ষতিগ্রস্ত হবেন। তিনি তোবার সব শ্রমিককে আগামীকাল সকাল ১০টায় এসে বেতন নেওয়ার অনুরোধ জানান।