তোবায় চার দিনের অনশনে অসুস্থ ৬০

তিন মাসের বেতন ও বোনাসের দাবিতে অনশন কর্মসূচি আজও চালিয়ে যাচ্ছেন তোবা গ্রুপের পোশাকশ্রমিকেরা। অনশনের চতুর্থ দিন আজ বৃহস্পতিবার অন্তত ৬০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
শ্রমিকদের মধ্যে নয়জনকে আশপাশের বিভিন্ন কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ পরিস্থিতিতে তৈরি পোশাক মালিকদের সমিতি বিজিএমইএ পোশাকশ্রমিকদের আংশিক বেতন ও বোনাস দেওয়ার প্রস্তাব পাঠিয়েছে। তবে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেত্রী মোরশেদা মিশু বলেছেন, ‘আমরা আংশিক চাই না। পুরোটাই চাই। সব না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব।’
মে, জুন ও জুলাই তিন মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর উত্তর বাড্ডায় তোবার নিজস্ব কারখানা ভবনে শ্রমিকেরা ঈদের আগের দিন থেকে এই অনশন কর্মসূচি শুরু করেন।
অনশনের পাশাপাশি গত শুক্রবার বিকেল থেকে কারখানাটির মালিক দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে কারখানা ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।
অনশনে অসুস্থ শ্রমিকদের কারখানার ভেতরে স্যালাইন দেওয়া হয়েছে। আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও স্কপের নেতারা শ্রমিকদের অনশন কর্মসূচিতে গিয়ে সংহতি জানিয়েছেন। গতকাল বুধবার গণতান্ত্রিক বাম মোর্চা ও উদিচি শিল্পীগোষ্ঠী শ্রমিকদের কর্মসূচিতে সংহতি জানায়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মধুসুদন মজুমদার বলেন, তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন।
তোবা গ্রুপের তোবা ফ্যাশনস, তোবা টেক্সটাইল, বুকশান গার্মেন্টস, তায়েব ডিজাইন ও মিতা ডিজাইন—এই পাঁচ কারখানায় কাজ করেন তিন হাজার শ্রমিক। তাঁরা মে, জুন ও জুলাই মাসের বেতন পাননি। বেতন-ভাতার দাবিতে গত বুধবার তোবার এক হাজার ২০০ শ্রমিক বিজিএমইএ ভবন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ করে রাখেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় জামিন নিতে গেলে আদালত গত ৯ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠান। তাঁর স্ত্রী তোবার চেয়ারম্যান মাহমুদা আক্তারকে কারাগারে পাঠালেও পরে তিনি জামিনে মুক্তি পান।