তোমরা চলো ডালে ডালে আমি চলি শিরায় শিরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান দুই শ্রমিকনেতার উদ্দেশে বলেছেন, ‘আমি জানি, গত তিন দিনের ঘটনা তোমরাই ঘটিয়েছ। রাতে পুলিশ দিয়ে তোমাদের বাড়ি থেকে ধরে আনার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আমি তোমাদের এবারের মতো বাঁচিয়ে দিলাম। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। তোমরা চলো ডালে ডালে, আমি চলি শিরায় শিরায়।’
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে বিকেএমইএ ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বিকেএমইএর নেতা এসব কথা বলেন।
নারায়ণগঞ্জে গত তিন দিনের শ্রমিক-অসন্তোষ নিরসনে ওই বৈঠক হয়। সভায় কাল শনিবার থেকে ফতুল্লা শিল্পাঞ্চলের সব কারখানা যথারীতি চালু রাখার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিকেএমইএ ও শ্রমিক সংগঠনের নেতারা যৌথভাবে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় অবস্থান নেবেন। কোনো ধরনের অসন্তোষ দেখা দিলে তা নিয়ন্ত্রণের উদ্যোগ নেবেন নেতারা।
সভায় বিকেএমইএর সভাপতি সরকারের গঠিত ন্যূনতম মজুরি বোর্ড সম্পর্কে বলেন, বিদায়ী সরকার জনগণকে খুশি করতে অনেক কিছুই করে। ২৫ অক্টোবরের পরে বর্তমান সরকার ক্ষমতায় থাকবে কি না, কেউ বলতে পারে না। দেশে কী হবে, কেউ জানে না। বাসায় যাঁরা কাজের মেয়েকে পেটান, তাঁরাই আবার রাতে টিভির টক শোতে বড় বড় কথা বলেন।
সেলিম ওসমান নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান ও আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের ভাই।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, নৌপরিবহনমন্ত্রীর ঘোষণার পর থেকে পোশাকশিল্প অশান্ত হয়ে উঠেছে। কয়েকটি পোশাক কারখানার মালিক তাঁদের ঝুট সন্ত্রাসীদের দিয়ে নির্যাতন চালাচ্ছেন।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দেওয়া হবে না।
সভায় আরও বক্তব্য দেন র‌্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, শিল্প পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক হিমাংশু সাহা, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহম্মেদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল প্রমুখ।
সভা শেষে হিমাংশু সাহা সাংবাদিকদের বলেন, বিকেএমইএর সভাপতি সমঝোতা বৈঠকে দুই শ্রমিকনেতার উদ্দেশে যেসব কথা বলেছেন, তা শিষ্টাচারবহির্ভূত।