তোমরাই হচ্ছ আমাদের আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে তোমাদের নেতৃত্ব দিতে হবে। ভালো মানুষ হতে হবে। দেশকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচাতে হবে।’ এ কৃতী সংবর্ধনা শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও উৎসাহ জুগিয়েছে। গতকাল শনিবার নারায়ণগঞ্জ, নওগাঁ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু মেধাবী হলেই হবে না। তোমাদের সৎ ও সাহসী হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী ও লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞানে দেশের সর্বোচ্চ এবং এ লেভেল পরীক্ষায় পদার্থ ও রসায়নে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়েছিল। বেঁচে থাকলে সে এ দেশকে বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দিত। কিন্তু খুনিরা তাকে বাঁচতে দেয়নি। এদের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদী হতে হবে।’ অধ্যাপক রুমন রেজা বলেন, ‘একাত্তরের রক্ত দিয়ে অর্জিত আমাদের স্বাধীনতা। আমাদের লড়াই এখনো থামেনি। এ লড়াইয়ে যুক্ত হোক তোমাদের মতো কৃতী মেধাবীরা। তাহলে এ দেশে একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতার সম্পাদক আসজাদুল কিবরিয়া, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হাজী মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ ভূঁইয়া প্রমুখ ।
কৃতী শিক্ষার্থী মধ্যে প্রতিক্রিয়া জানায় নওশীন তাবাসসুম, অনামিকা তাহসিন, সিথি সাহা, রিদওয়ান আহমেদ ও ফাহিম প্রিয়ম। জেলায় সেরা ফল অর্জনকারী আইডিয়াল স্কুল, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও হাজী মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাসেল আদিত্য। নাচ পরিবেশন করে অর্চনা নৃতাঙ্গন। গান করেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক। জেলার ৮৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

নওগাঁ
সকাল ১০টায় শহরের করোনেশন হল সোসাইটির মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন নওগাঁর রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদের সদস্যরা।
প্রবীণ শিক্ষক আলতাফ হোসেন বলেন, ‘আমার ৩৬ বছরের শিক্ষকতার জীবনে অনেক নক্ষত্রতুল্য ভালো ছাত্রের পতন দেখেছি। আগামী দিন যেন আরও ভালো করতে পারো সে কথা ভাবতে হবে। সর্বোপরি একজন ভালো মানুষ হতে হবে।’
নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বলেন, ভালো মানুষ হতে হবে। দেশকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচাতে হবে।অধ্যাপক আতাউল হক সিদ্দিকী বলেন, ‘আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থায় নিজের দেশকে ভালোবাসার কোনো উপাদান নেই। আমরা সবাই শিক্ষিত হয়ে লুটপাট, দুর্নীতি ও অনৈতিক কাজকে উৎসাহিত করে থাকি। এ অনুষ্ঠান শিক্ষার্থীদের ভালো মানুষ হতে অনুপ্রেরণা দেবে।’ কৃতী শিক্ষার্থী বিধান মণ্ডল, আবদুল আজিজ, ফাওজিয়া জান্নাত ও কামরুন নাহার তাদের বক্তব্যে প্রথম আলোকে অভিনন্দন জানিয়ে বলে, ‘আমরা মাদক-সন্ত্রাস-দুর্নীতি ও ইভ টিজিং মুক্ত থাকতে চাই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আস্তান মোল্লা কলেজের অধ্যক্ষ মর্তুজা রেজা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সালামতউল্লাহ, টেলিটকের কর্মকর্তা সেলিম উদ্দিন, সাবেক পিপি শেখ আনোয়ার হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন নওগাঁ বন্ধুসভার আহ্বায়ক আইনজীরী দেওয়ান আবদুল বারী। জেলার সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান—কেডি সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও নওগাঁ জিলা স্কুলকে সম্মাননা জানানো হয়। সবশেষে গান গেয়ে মাতিয়ে তোলেন ক্লোজআপ ওয়ান তারকা আতিক।

দোহার ও নবাবগঞ্জ
কলাকোপা কোকিলপ্যারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠান শুরু হয়। দোহার উপজেলার কবি নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন বলেন, সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রথম আলো যেসব উদ্যোগ নিয়েছে, তা অনুকরণীয়।
শিক্ষানুরাগী কে এস আলম পোখরাজ বলেন, প্রথম আলোর এ ধরনের কর্মকাণ্ড সৃজনশীল মানুষ গড়তে ভূমিকা রাখবে। মেধাবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশে তোমাদের নেতৃত্ব দিতে হবে।’ কলাকোপা কোকিলপ্যারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন বলেন, প্রথম আলো দেশের কাজ করছে। নবাবগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, কৃতী সংবর্ধনা দিয়ে প্রথম আলো শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও উৎসাহ জুগিয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইকরাশি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন, মহাকবি কায়কোবাদ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এম হুমায়ন কবির, জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, অভিভাবক হুমায়ন কবির, কৃতী শিক্ষার্থী উমেঞ্চ হানি, তাওহীদুল ইসলাম, দোলনচাঁপা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি এম হাসান লিটু ও সাধারণ সম্পাদক বিলকিস চৌধুরী। অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জের শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আসিফ হোসেন, শফিকুল ইসলাম ও আজহারুল হক।