
‘ওই পাশের চশমা পরা মেয়েটা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আর ডান কোনায় বসা চুপচাপ ছেলেটা হবে বড় অর্থনীতিবিদ। বাম সারির শেষ মাথায় হাত উঁচিয়ে বসা ছেলেটাই আগামীর সাকিব আল হাসান। তোমরাই হচ্ছ আগামী দিনের বাংলাদেশ।’
স্কলাসটিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখার শিক্ষার্থীরা স্কুলের মিলনায়তনে জড়ো হয়েছিল ‘আমি বাংলাদেশ’ শীর্ষক কনসার্টের গান শুনতে। কনসার্ট শুরুর আগে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন দর্শক সারিতে বসা শিক্ষার্থীদের এভাবেই পরিচয় করিয়ে দেন। কনসার্টটির আয়োজন করে প্রথম আলো।
কনসার্ট শুরুর আগে স্কুলের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ বলেন, যারা প্রগতির পথে এগিয়ে যায়, প্রথম আলো তাদের প্রেরণা জোগাচ্ছে। দেশের অগ্রগতি ও উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করছে। তাই স্কলাসটিকা প্রথম আলোর সঙ্গে সম্পৃক্ত হতে চায়। এই কনসার্টের মাধ্যমে সেই সম্পর্ক স্থাপন হলো।
সুমনা শারমীন বলেন, ‘শুধু সারা দিন লেখাপড়া করলেই মানুষ হওয়া যায় না। তার সাংস্কৃতিকবোধও জরুরি। তাই প্রথম আলো এই কনসার্টের আয়োজন করেছে। সবাই মিলে আনন্দ করব, কিছুক্ষণের জন্য ভুলে থাকব পড়ালেখার চাপ।’
কনসার্ট শুরু হয় বেলা তিনটায়। প্রথমেই জন লেননের বিখ্যাত ‘ইমাজিন’ গানটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই গেয়ে শোনান শিল্পী দিনাত জাহান ও তাঁর মেয়ে ইশরাক নাওয়ার। এরপর ইশরাক আরও দুটি গান গায়।
এরপর মঞ্চে আসেন হৃদয় খান। মঞ্চে উঠেই তিনি বলেন, ‘স্কুলে ঢুকেই আমার নিজের স্কুলজীবনের কথা মনে পড়ে গেল।’ ‘বল না তুই বল না’, ‘চাই না মেয়ে তুমি’সহ তিনটি গান গেয়ে শোনান তিনি। এ সময় উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।
শিল্পী মিনার ‘তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজি’, ‘আহা রে, আহা রে’ গানগুলো গেয়ে শোনান। পড়ন্ত বিকেলে মঞ্চে আসে ব্যান্ডদল চিরকুট। ‘হতচ্ছাড়া মন’ গানটি দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে তারা। তাদের ‘কানামাছি মিথ্যা, কানামাছি সত্য’ গানের মধ্য দিয়ে কনসার্টটি শেষ হয়।