তোমরাই হবে আইনস্টাইন, হকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১. জাতীয় গণিত উৎসবের চূড়ান্ত  পর্বে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা। পরীক্ষা পরিদর্শন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ২. উৎসবের প্রথম দিনের শেষ মুহূর্তে  খুদে গণিতবিদদের উচ্ছ্বাস
১. জাতীয় গণিত উৎসবের চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা। পরীক্ষা পরিদর্শন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ২. উৎসবের প্রথম দিনের শেষ মুহূর্তে খুদে গণিতবিদদের উচ্ছ্বাস

এক শ বছর আগে মহাকর্ষীয় তরঙ্গের পূর্বাভাস দিয়েছিলেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। গত বৃহস্পতিবার এই তরঙ্গ শনাক্ত করার ঘোষণার পর এ ঘটনাকে বিজ্ঞানের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত বলে অভিহিত করেন আরেক বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। এই বিশেষ ঘটনার সূত্র ধরে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসবের উদ্বোধনী দিনে গতকাল শুক্রবার এই দুই প্রথিতযশা বিজ্ঞানীর নাম ঘুরেফিরে এল।
দেশের বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদদের মতে, ১৪ বছর আগে শুরু হওয়া এই উৎসবের ব্যাপ্তি, পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে গণিতভীতি কাটিয়ে ওঠা শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহও বেড়েছে। তারা এখন দেশের সীমানা পেরিয়ে গণিতের বৈশ্বিক প্রতিযোগিতাগুলো থেকেও সাফল্য ছিনিয়ে আনছে। এভাবে এই শিক্ষার্থীদের ভেতর থেকেই একদিন বেরিয়ে আসবে একজন আইনস্টাইন, একজন হকিং।
গতকাল মাঘের শেষ দিনে সকালের কুয়াশা আর শীত উপেক্ষা করে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসবে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১ হাজার ৩০০-এর বেশি শিক্ষার্থী। রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে খুদে গণিতবিদ ও অভিভাবকদের প্রাণবন্ত এই উপস্থিতি যেন আগাম বসন্তকেই হাজির করে। অলিম্পিয়াডের পাশাপাশি ওয়াটার রকেট উৎক্ষেপণ, সাইকেল স্টান্ট, ক্রিকেট তারকাদের সঙ্গে আড্ডা, বইমেলাসহ বিজ্ঞানবিষয়ক নানা আয়োজনে তা হয়ে ওঠে আরও বর্ণিল।

দুপুরের পর সাইকেল স্টান্ট প্রদর্শন করে মোহাম্মদপুর স্টান্ট ভাইপার্জের সদস্যরা
দুপুরের পর সাইকেল স্টান্ট প্রদর্শন করে মোহাম্মদপুর স্টান্ট ভাইপার্জের সদস্যরা

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করে। চলতি বছরের জুলাই মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচন করার লক্ষ্যে সারা দেশের ২৪টি জেলা শহরের আঞ্চলিক উৎসবে অংশ নেয় প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। এর মধ্য থেকে বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের এই জাতীয় উৎসব।
সকাল নয়টায় উৎসবের উদ্বোধনী পর্বে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী খুদে গণিতবিদদের বললেন, ‘যদি শেখার মধ্যে আনন্দ থাকে তাহলে সেই শিক্ষা পূর্ণতা পায়। আর গণিত যে একটা আনন্দের বিষয়, এই বোধটা বোধ হয় আমরা তোমাদের মধ্যে জাগাতে পেরেছি।’ তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, একদিন তোমাদের মাঝ থেকেই বেরিয়ে আসবে আইনস্টাইন, হকিং।’
এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস।
এই পর্বে উপস্থিত ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বলেন, ‘গণিত মানুষকে সৃজনশীল হতে শেখায়। ১৪ বছর ধরে আয়োজিত এ অলিম্পিয়াড পরিণত হয়েছে উৎসবের প্রতিশব্দে। আশা করব, তোমরা একদিন বিশ্বজয় করবে। দেশের মানুষকে গৌরবের আসনে আসীন করবে।’

সেলফি স্টিক হাতে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়। সেই  ফ্রেমে বন্দী নারী ক্রিকেটার জাহানারা আলম ও সাথিরা জাকির জেসি এবং  খুদে গণিতবিদেরা
সেলফি স্টিক হাতে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়। সেই ফ্রেমে বন্দী নারী ক্রিকেটার জাহানারা আলম ও সাথিরা জাকির জেসি এবং খুদে গণিতবিদেরা

শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ১২টি আসরে যোগ দিয়ে এ পর্যন্ত বাংলাদেশ দল ৩টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জপদক পেয়েছে। আমরা আশা করব ২০১৬ সালে যে দল আন্তর্জাতিক অলিম্পিয়াডে যাবে, তারা অন্তত একটি স্বর্ণপদক নিয়ে আসবে।’
উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, জ্যোতির্বিজ্ঞানী এফ আর সরকার, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, মনোরোগ চিকিৎসক অধ্যাপক মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার, টিচার্স ট্রেনিং কলেজের গণিত বিভাগের শিক্ষক রাজিয়া বেগম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ।
আজ শনিবার সকাল নয়টায় গণিত সংসদের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের দ্বিতীয় দিন। থাকবে গণিতের পট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রুবিকস কিউব প্রতিযোগিতা। বেলা ১১টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।