তোমাদের উদ্যোগকে রাজনীতির ঊর্ধ্বে রাখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলনরত তরুণদের মহতী উদ্যোগকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘শাহবাগের তারুণ্যের উচ্ছ্বাসকে স্বাগত জানাই। এই চেতনা আমরা বুকে ধারণ করি। কিন্তু তোমরা বিপথে যেও না। তোমাদের মহতী উদ্যোগকে রাজনীতির ঊর্ধ্বে রাখো।’গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংস্কৃতিক সংস্থা (বাসাস) আয়োজিত ‘সীমান্তে নাগরিক হত্যা: সার্বভৌমত্বের জন্য হুমকি’ শীর্ষক আলোচনা সভায় মাহবুবুর রহমান এ আহ্বান জানান। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আজ জাতির ওপর যে জগদ্দল পাথর চেপে বসে আছে; বর্তমান সরকারের দুর্নীতি, অন্যায়, স্বৈরশাসন ও ফ্যাসিস্ট আচরণগুলো তুলে ধরো। সত্যিকারের গণতন্ত্রের জন্য যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করো।’‘আমরাও বিচার চাই’: জাতীয় প্রেসক্লাবে গতকাল আরেকটি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, ‘শাহবাগে তরুণ প্রজন্মের মূল চাহিদা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার। আমরাও এর বিচার চাই। বিএনপি শুরু থেকেই বলে আসছে, এ বিচারটা যাতে সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের হয়। সেটি করা হলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না।’ডেমোক্রেটিক মুভমেন্ট ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।