১১.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মতিউর রহমান ১৯৭১ সালে দশম শ্রেণীর ছাত্র ছিলেন। মা-বাবাকে না বলেই মে মাসের কোনো একদিন তিনি ভারতে চলে যান। ভারতীয় নৌবাহিনীর কাছে তিনি তিন মাস প্রশিক্ষণ নেন। যুদ্ধে মতিউর রহামানের দায়িত্ব ছিল মাইন দিয়ে জাহাজ ডুবিয়ে দেওয়া।যুদ্ধ শেষে মতিউর আবার স্কুলে ভর্তি হন। এসএসসি পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। কিন্তু পাস করা হয়নি। পরে মতিউর রহমান ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। এর আয় দিয়েই তাঁর দিন চলতে থাকে। ১৯৯৪ সালে তাঁর এক সহযোদ্ধা জানান, মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য তাঁকে স্বাধীনতার পর বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে। তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। মতিউর রহমান পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করে জানতে পারেন, তিনি সত্যি সত্যিই বীর প্রতীক খেতাব পেয়েছেন। মতিউর রহমান জানালেন, তিনি ১০ নম্বর সেক্টরের অধীনে নৌকমান্ডো বাহিনীতে ছিলেন। তাঁরা ভারত থেকে এসে পাকিস্তানি বাহিনীর জাহাজে বিস্ফোরণ ঘটিয়ে আবার ভারতে চলে যেতেন। তিনি তিনটি অপারেশনে সফলতার সঙ্গে অংশ নেন। এই তিনটি অপারেশনই ছিল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে। প্রথমটি কাঁচপুর সেতুসংলগ্ন স্থানে। দ্বিতীয়টি নারায়ণগঞ্জ টার্মিনালঘাট এবং তৃতীয়টি গলাগাছিয়ায়। প্রথম অপারেশনে অংশ নেন অক্টোবর মাসে। রাত দেড়টার দিকে শুরু করেন অপারেশন। তাঁরা মোট পাঁচজন ছিলেন। সবার বুকে বাঁধা মাইন। ওই দিন রাতে তাঁরা কাঁচপুর সেতুর কাছে জাহাজে মাইন লাগিয়ে চলে আসেন। পরে সময়মতো এই মাইন বিস্ফোরিত হয়।পাঁচ-ছয় বছর হয় মতিউর রহমান পোশাক কারখানার চাকরি থেকে অবসর নিয়ে বর্তমানে অবসর জীবনযাপন করছেন। মতিউর রহমানের পিতার নাম আবদুল আলী শেখ, মায়ের নাম জুলেখা বেগম। তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম লাইজু বেগম। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে। বর্তমানে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে থাকেন। এটাই তাঁর স্থায়ী ঠিকানা।মতিউর রহমান বললেন, ‘দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা বাঙালিরা স্বাধীনতা ভোগ করতে জানি না।’ গ্রন্থনা: তারা রহমান, তথ্য: তানভীর হাসান