১৩.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মুনসুরুল আলম দুলাল ১৯৭১ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি যান। পরে সেখান থেকে আগরতলায় গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। মেলাঘরে প্রশিক্ষণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় আসেন।তিনি ঢাকার মিরপুর, ধানমন্ডি, হাতিরপুল, গ্রিনরোডসহ বিভিন্ন স্থানে অপারেশন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রিন রোডের অপারেশন। সেদিন ছিল ২১ আগস্ট। রাত একটার দিকে তাঁরা হাতিরপুল পার হয়ে গ্রিন রোডের হোটেল নূরের দোতলায় অবস্থান নেন। তাঁরা যোদ্ধা ছিলেন মোট পাঁচজন। তাঁদের অস্ত্র বলতে ছিল কয়েকটি গ্রেনেড, দুটি এসএমজি, দুটি এসএলআর ও কয়েকটি মিনি মাইন। তাঁরা রাস্তায় মিনি মাইন পুঁতে রেখে দোতলায় অস্ত্রসহ অবস্থান নেন। রাত দুইটার দিকে পাকিস্তান সেনাবাহিনীর তিনটি লরি আসতে দেখে তাঁরা প্রস্তুত হন। লরিগুলো সেখানে আসামাত্র মাইনগুলো বিস্ফোরিত হতে থাকে। বিস্ফোরণে প্রথম লরির ব্যাপক ক্ষতি এবং বেশ কজন পাকিস্তানি সেনা হতাহত হয়। পাকিস্তানি সেনারা অতর্কিত হামলায় আতঙ্কিত হয়ে চারদিকে গোলাগুলি শুরু করে। তখন তাঁরা হোটেল নূরের দোতলা থেকে গুলিবর্ষণ শুরু করেন। এই অপারেশনে পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ বেশ কজন সেনা নিহত হয়। দুলাল ও সঙ্গী চার মুক্তিযোদ্ধাও গুলিতে আহত হন। তবে তাঁরা সেখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সক্ষম হন। পরদিন ২২ আগস্ট বিবিসিতে এই অপারেশন সম্পর্কে ‘দ্য বিগেস্ট অপারেশন ইন দ্য ক্যাপিটাল অব ইস্ট পাকিস্তান’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য স্বাধীনতার পর সরকার তাঁকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করে।মুনসুরুল আলমের স্থায়ী ঠিকানা: গ্রাম রামপাল, উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া; বর্তমানে ঢাকার আদাবরে বসবাস করছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে কিছুদিন ধরে তিনি অসুস্থ। তাঁর বাবার নাম আবদুল লতিফ ভূঁইয়া; মায়ের নাম মেহেরুন নেছা এবং স্ত্রীর নাম রোকেয়া আলম। তাঁদের এক ছেলে, এক মেয়ে।আলাপকালে মুনসুরুল আলম জানালেন, ‘দেশ স্বাধীন হয়েছে। কিন্তু যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, তা আমরা পাইনি।’ গ্রন্থনা: তারা রহমান