তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।নজরুল হক ১৯৭১ সালে দিনাজপুরে ইপিআরে (স্বাধীনতার পর বিডিআর, এখন বিজিবি) কর্মরত ছিলেন। তখন তাঁর পদবি ছিল ক্যাপ্টেন। ২৬ মার্চ থেকেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।২৬ মার্চের পর দিনাজপুরের দশ মাইল এলাকায় তিনি পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করেন। তাঁর অধীনে ছিল ৬০ জন ইপিআর সেনা। সে সময় তাঁদের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ ছিল না। ফলে তাঁদের পিছু হটতে হয়।ওই যুদ্ধ শেষে দিনাজপুরের কান্তনগরের বনজঙ্গলে দুদিন থাকার পর রওনা হন ভারতে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্ত দিয়ে তিনি আবার দেশে প্রবেশ করেন।১৮ তারিখ সন্ধ্যা থেকে নজরুল হকের নেতৃত্বে ৬০ জন ইপিআর সেনাসহ ১০০ জনের মতো একটি প্রতিরোধ যোদ্ধার দল বিরলে যুদ্ধ করে। সেদিন তারা গুলি শুরু করামাত্র পাকিস্তানি সেনারাও পাল্টা গুলির জবাব দিতে থাকে। একটানা চার থেকে পাঁচ ঘণ্টা চলে গোলাগুলি। বিরল মুক্ত করার জন্য নজরুলের নেতৃত্বে তাঁর দল মরিয়া হয়ে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে চলে। রাত সাড়ে বারোটার পর থেকে বিরলের পাকিস্তানি সেনাদের ক্যাম্প থেকে আর কোনো আওয়াজ আসছিল না। ভোরের আলো ফুটতেই ক্লান্ত শরীর নিয়ে তাঁরা দেখতে পান, বিরলের পাকিস্তানি আর্মির ক্যাম্প ফাঁকা। এ সময় তাঁরা বুঝতে পারেন, পাকিস্তানি আর্মিরা পিছু হটেছে।মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য নজরুল হক বীর প্রতীক খেতাব পেয়েছেন।নজরুল হক ১৯৮২ সালে সেনাবাহিনীর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। তখন তাঁর পদবি ছিল লেফটেন্যান্ট কর্নেল। বর্তমানে তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় জামুগড়ি এলাকায় থাকেন। এটাই তাঁর স্থায়ী ঠিকানা। নজরুল হক বীর প্রতীকের বাবার নাম এ কে এম জহুরুল হক। মায়ের নাম আমেনা বেগম। তাঁর স্ত্রীর নাম ফিরোজা বেগম। তাঁদের দুই ছেলে, এক মেয়ে।আলাপকালে নজরুল হক বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতার সুফল জনগণ পায়নি। দীর্ঘ ৪০ বছরেও স্বাধীনতাবিরোধীদের বিচার হয়নি। আমি এই বিচার দেখে যেতে চাই।’ গ্রন্থনা: তারা রহমান,তথ্য: আরিফুল হক, রংপুর।