১৫.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মোজাফ্ফর আহম্মদ ১৯৭১ সালে চুয়াডাঙ্গার ইপিআর উইংয়ে কোম্পানি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাঁর অধীনে কর্মরত ইপিআর জওয়ানদের নিয়ে বিদ্রোহ করে যুদ্ধে যোগ দেন। প্রথমে তিনি নিজের উদ্যোগে ও চেষ্টায় মোজাফ্ফর বাহিনী গঠন করেন এবং সে বাহিনীর কমান্ডার নিযুক্ত হন। পরে উইং কমান্ডার মেজর এম আবু ওসমান চৌধুরীর (পরে লে. কর্নেল (অব.) নির্দেশে ৩০-৩১ মার্চ কুষ্টিয়ার ভেড়ামারায় যুদ্ধ করেন। এরপর ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথগ্রহণ অনুষ্ঠানে ইপিআর কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন। সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম তাঁদের সালাম গ্রহণ করেন। আগস্ট মাস থেকে বিজয়লাভ পর্যন্ত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা, বৈদ্যনাথতলা (মুজিবনগর), প্রাগপুর, কাজীপুর, ঝিকরগাছা, নাভারণ, বিশখালী, বেনাপোলসহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন।মোজাফ্ফর আহম্মদ বীর প্রতীক ১৯২৭ সালের ১৫ জানুয়ারি ফেনী জেলা সদরের কাজিরবাগ ইউনিয়নের সোনাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সেখ আহম্মদ ভূঞা। যিনি একজন স্কুলশিক্ষক ও মসজিদের ইমাম ছিলেন। মায়ের নাম জায়রা খাতুন।দশম শ্রেণীতে পড়ার সময় থেকে পারিবারিক অভাব-অনটন মোকাবিলায় তিনি কখনো চাকরি আবার কখনো ব্যবসা শুরু করেন। ১৯৪৮ সালে তিনি তদানীন্তন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগদান করেন।অপরিসীম সাহসের সঙ্গে মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ ও গেরিলাযুদ্ধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর প্রতীক’ পদকে ভূষিত করে।মোজাফ্ফর আহম্মদ বীর প্রতীক ১৯৮৫ সালের ১৫ জানুয়ারি অনারারি ক্যাপ্টেন হিসেবে বিডিআরের (এখন বিজিবি) চাকরি থেকে অবসর নেন। তিনি বিবাহিত ছিলেন। স্ত্রীর নাম আমেনা খাতুন। তাঁদের চার ছেলে ও দুই মেয়ে। অবসরজীবনে তিনি সোনাপুর গ্রামেই বসবাস করতেন। এটাই তাঁর স্থায়ী ঠিকানা। ১৯৯১ সালের ১১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। গ্রন্থনা: তারা রহমান, তথ্য: আবু তাহের, ফেনী।