১৬.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর সময় ফারুক-ই-আজম উচ্চমাধ্যমিক পাস করেছেন মাত্র। সে সময় খুলনায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধাবিপত্তি পেরিয়ে চট্টগ্রাম পৌঁছেন তিনি।৬ মে তিনি সীমান্ত পাড়ি দেন। ভারত পৌঁছে হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন। একদিন শুনলেন, নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে। তিনি লাইনে দাঁড়ালেন। টিকে গেলেন। পলাশিতে দুই মাসের প্রশিক্ষণ শেষে ১ আগস্ট অপারেশনের জন্য তাঁকে মনোনীত করা হয়।মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধ ‘অপারেশন জ্যাকপট’। সারা দেশে একই সময়ে সব বন্দরে আক্রমণ চালানো হয়েছিল। চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য ২০ সদস্যের তিনটি দল নির্বাচন করা হয়। একটি দল চট্টগ্রাম এসে পৌঁছাতে পারেনি। বাকি দুটি দলের ৩৭ সদস্য অংশ নেন। অধিনায়ক এ ডব্লিউ চৌধুরী। উপ-অধিনায়ক ফারুক-ই-আজম। নৌ-কমান্ডোদের সঙ্গে ছিল ছয় কেজি ওজনের লিমপেট মাইন। বিশেষ ধরনের চুম্বক দিয়ে জাহাজের গায়ে মাইনটি লাগিয়ে প্লাস্টিকের মুখটি খুলে দিতে হয়। এই অপারেশনে পাকিস্তানি তিনটি বড় জাহাজ—আল আব্বাস, হরমুজ ও কাদের বক্স এবং জেটি পল্টুন, বার্জ ও কোস্টাল শিপ ডুবিয়ে দিয়েছিলেন তাঁরা। এসব অপারেশন মুক্তিযুদ্ধে ইতিবাচক প্রভাব ফেলে। ঘটনাটি আন্তর্জাতিক প্রচারমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়।ফারুক-ই-আজম এরপর আরও বেশ কয়েকবার অপারেশনে অংশ নেন। সহযোদ্ধাদের কেউ কেউ শহীদ, কেউ সাগরে নিখোঁজ হয়েছেন—তাঁদের মুখগুলো প্রতিমুহূর্তে ভেসে ওঠে তাঁর চোখে।১৯৭৩ সালে সরকারি গেজেট প্রকাশের পর তিনি পত্রিকান্তরে জানতে পারেন ‘বীর প্রতীক’ খেতাব পাওয়ার কথা।ফারুক-ই-আজম বর্তমানে বাস করছেন চট্টগ্রামের দামপাড়ার ১৯ মেহেদিবাগ সড়কের বাসায়। তাঁর বাবার নাম মনির আহমদ চৌধুরী, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তাঁর স্ত্রীর নাম শামিম আরা বেগম। তাঁদের চার মেয়ে।আলাপকালে ফারুক-ই-আজম বলেন, ‘আমি বাঙালির মর্যাদা ও জাতিগত নিপীড়ন থেকে মুক্তির জন্য যুদ্ধ করেছি। অফুরন্ত পেয়েছি, পাওয়ার কোনো শেষ নেই।’ গ্রন্থনা: তারা রহমান, তথ্য: আল রাহমান, চট্টগ্রাম।