তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আবদুস সালাম বীর বিক্রম১৯৭১ সালের ২ ডিসেম্বর রাত আনুমানিক আটটা। সিলেটের তেলিয়াপাড়া এলাকায় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকাররা আচমকা মুক্তিবাহিনীর ওপর অতর্কিতে হামলা চালায়। সে সময় সুবেদার ওসমান গণির নেতৃত্বে হাবিলদার আবদুস সালাম মুক্তিযোদ্ধাদের নিয়ে তাদের ওপর পাল্টা আক্রমণ চালান। প্রায় দুই ঘণ্টার এই সম্মুখযুদ্ধের একপর্যায়ে পাকিস্তান বাহিনীর ছোড়া শেলের টুকরোর আঘাতে হাবিলদার আবদুস সালামের তলপেট ছিন্নভিন্ন হয়ে যায়। ওই সম্মুখযুদ্ধে রাজাকারসহ ৩০ থেকে ৩৫ জন পাকিস্তানি সেনা মারা যায়। আহত আবদুস সালামকে মুক্তিযোদ্ধারা উদ্ধার করতে সক্ষম হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাঁকে কলকাতায় পাঠানো হয়।মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার জন্য বাংলাদেশ সরকার আবদুস সালামকে ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করে।আবদুস সালাম প্রথম জীবনে পুলিশে চাকরি করেন। পরে ইপিআরে (স্বাধীনতার পর বিডিআর) যোগদান করেন। এর কিছুদিন পরই শুরু হয় মুক্তিযুদ্ধ। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। যুদ্ধের শুরুতে তিনি দিনাজপুর এলাকায় ছিলেন। সেখানে বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধের মাঝামাঝি সময় তিনি সিলেট অঞ্চলে চলে আসেন। তারপর সিলেটের তেলিয়াপাড়াসহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেন।আবদুস সালাম বীর বিক্রমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ গ্রামে। তাঁর বাবার নাম মুন্সি আজগর আলী; মায়ের নাম যোবেদা বেগম। তাঁর স্ত্রীর নাম খোদেজা বেগম। তাঁদের চার ছেলে, তিন মেয়ে। ৮২ বছর বয়স্ক আবদুস সালাম অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছেন। তাঁর আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আলাপকালে আবদুস সালামের স্ত্রী জানালেন, টাকার অভাবে তাঁর স্বামীর চিকিৎসা করাতে পারছেন না।স্বাধীনতার ৪০ বছরে আপনার অনুভূতি কী এবং মুক্তিযুদ্ধ আপনাকে কী দিয়েছে—এ প্রশ্নের জবাবে এই বীর মুক্তিযোদ্ধা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে দুই চোখের জল মুছলেন। কোনো কথা বলতে পারলেন না।  গ্রন্থনা: তারা রহমানতথ্য: গৌরাঙ্গ দেবনাথ, নবীনগর