১৮স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আবদুল মজিদ বীর প্রতীকআবদুল মজিদ ১৯৭১ সালে ছিলেন এসএসসি পরীক্ষার্থী। তাঁর বাড়ির পাশেই ছাতক (টেংরাটিলা) গ্যাসক্ষেত্র। এপ্রিল মাসে ১২ জন পাকিস্তানি সেনা এই গ্যাসক্ষেত্র পাহারা দিতে আসে। এরপর তাঁরা কয়েকজন যুবক মিলে ভারত-সীমান্তের ওপারে গিয়ে যুদ্ধে যোগ দিতে নাম দেন। আবদুল মজিদ প্রশিক্ষণের সুযোগ পান তৃতীয় ব্যাচে। তাঁদের পাঠানো হয় মেঘালয়ের ইকো ওয়ান ট্রেনিং ক্যাম্পে।প্রশিক্ষণ শেষে তাঁদের পাঠানো হয় বালাটে। ওই ব্যাচের মুক্তিযোদ্ধারা প্রথম অপারেশন করেন সুরমা নদীর উত্তরপাড়ের বেড়িগাঁও। কিন্তু এলাকাটি তাঁদের কাছে একেবারে অপরিচিত হওয়ায় এই যুদ্ধে পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ হন।এরপর তাঁদের নিজ নিজ এলাকাতে পাঠানো হয়। তিনি ৫ নম্বর সেক্টরের সেলা সাব-সেক্টরের পাইওনিয়র কোম্পানির অধীন নরসিংহপুর, টেংরাটিলা, আজবপুর, বালিউড়া, রাউলি, জাউয়া, রাঁধারনগর এলাকায় যুদ্ধে অংশ নেন। ছাতকের বুরকি এলাকার সম্মুখ যুদ্ধে এক সঙ্গী মুক্তিযোদ্ধাকে হারান তাঁরা। সারা রাত দুই পক্ষে গুলিবিনিময় হয়। ছাতক-সিলেট সড়কের জাওয়া সেতু উড়িয়ে দেওয়ার অপারেশনে ছিলেন আবদুল মজিদ। পাকিস্তানিরা জাওয়া সেতু রক্ষা করতে সেতুর ওপর স্থানীয় রাজাকারদের দিয়ে পাহারা বসায়। অপারেশনের দিন কৌশলে পাঁচজন রাজাকারকে ধরে ফেলেন তাঁরা। এরপর সেতু উড়িয়ে দেন।মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য আবদুল মজিদ ‘বীর প্রতীক’ খেতাব পেয়েছেন।আবদুল মজিদের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা (আজবপুর) গ্রামে। তিনি এখানেই বসবাস করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা আবদুল মজিদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। তাঁর বাবার নাম আবদুল গণী, মা সফিনা বেগম। স্ত্রী লূৎফা বেগম। তাঁদের দুই ছেলে ও চার মেয়ে। আলাপকালে আবদুল মজিদ বলেন, ‘পৃথিবীতে আমাদের মতো ভাগ্যবান জাতি খুব কমই আছে, যাঁরা ভাষার জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। আমরা আমাদের সন্তানদের বলে যেতে পারব, আমরা তোমাদের স্বাধীন দেশে রেখে গেছি, এখন তোমাদের দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’ গ্রন্থনা: তারা রহমানতথ্য: খলিল রহমান, সুনামগঞ্জ