তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আবদুল আউয়াল বীর প্রতীকআবদুল আউয়াল গঙ্গাসাগর সাব সেক্টরের গোপীনাথপুর, উজানিসার, চরনাল গ্রাম, কসবার ডাকবাংলো, দ্বিতীয় চারগাছ গ্রাম, তৃতীয় চারগাছ গ্রাম, চতুর্থ চারগাছ ও নিবরা গ্রাম, নবীনগরের দৌলতপুর গ্রাম, মুরাদনগরের চাপিতলা এবং কসবার শিমরাইলের পূর্ব বিলে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। সাব সেক্টরের অধিনায়ক ক্যাপ্টেন আইন উদ্দিনের (পরে মেজর জেনারেল) নির্দেশে আবদুল আউয়াল একদিন তাঁর দলবল নিয়ে গোপীনাথপুর গ্রামের একটু উঁচু টিলায় অবস্থান নেন। সেদিন পাকিস্তানি বাহিনীর একটি কোম্পানি রেললাইনের দু পাশ দিয়ে সারিবদ্ধ হয়ে ফায়ার করতে করতে স্টেশনের দিকে অগ্রসর হচ্ছিল। পাকিস্তানি সেনাদের দুটো প্লাটুন মুক্তিযোদ্ধাদের অ্যাম্বুশের ভেতর পড়ে যায়। মুক্তিযোদ্ধারা একটা মেশিনগান, ছয়টা এলএমজি ও কিছু রাইফেল দিয়ে একসঙ্গে ফায়ার করতে থাকেন। সেদিন পাকিস্তানি বাহিনীর বেশ কজন সেনাসদস্য নিহত এবং আহত হয় কমপক্ষে ৩৫ জন। ওই অপারেশনের কয়েকদিন পর উজানিসার ব্রিজের পশ্চিম পাশে পাকিস্তানি বাহিনী অবস্থান নেয়। আবদুল আউয়াল ও তাঁর দলবল ঠিক রাত আটটায় তাদের অতর্কিতে আক্রমণ করেন। মুক্তিবাহিনীর আক্রমণে পাকিস্তানি বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়। অবশ্য সেদিন মুক্তিবাহিনীর ছয় সদস্য শহীদ এবং আহত হন আরও কয়েকজন। মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য আবদুল আউয়াল ‘বীর প্রতীক’ খেতাব পেয়েছেন। তাঁর সনদপত্র নম্বর ০৯৬। তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রথম বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ৫ মার্চ দুই মাসের ছুটি নিয়ে বাড়িতে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ২ নং সেক্টরে যোগ দেন।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে আবদুল আউয়ালের বাড়ি। তাঁর বাবার নাম মুন্সী মোহর আলী। মায়ের নাম শাহেদা খাতুন। স্ত্রীর নাম নেহেরা বেগম। তাঁদের ছয় ছেলে আর দুই মেয়ে। ছোট ছেলে খাইরুল ইসলাম বাকপ্রতিবন্ধী। আব্দুল আউয়াল স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন। সুবেদার পদ থেকে ১৯৭৪ সালে অবসর গ্রহণ করেন। ২০০৮ সালের ১ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। গ্রন্থনা: তারা রহমানতথ্য: মো. সোহরাব হোসেন, কসবা