তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আলী আকবর মিজি প্রথমে রৌমারী, পরে দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ এবং সবশেষে সিলেটে যুদ্ধ করেন। সিলেটের ছাতকের দক্ষিণে তাঁরা এক দিন টানা তিন ঘণ্টা যুদ্ধ করেন। যুদ্ধে সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়। এক পর্যায়ে সেখান থেকে পাকিস্তানিরা পালিয়ে যায়। এরপর যুদ্ধ করেন সিলেট বিমানবন্দরে। তবে সেখানে তাঁদের দিনের বেলায় পাকিস্তানিরা ঘেরাও করে ফেলে। দুই ঘণ্টা যুদ্ধে সেখানে এক পাকিস্তানি নিহত হয় এবং ইপিআরের একজন সিপাই আহত হন। ডিসেম্বরে তিনি সর্বশেষ যুদ্ধ করেন সিলেটের লনী গ্রামে। সেখানে ছিল পাকিস্তানিদের শক্ত একটি ঘাঁটি। ওই যুদ্ধে পাকিস্তানিদের হামলায় ভারতের ৫/৫ গুর্খা রেজিমেন্টের ৬৭ জন সদস্য মারা যায়। পরে সাফায়াত জামিলের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা পাকিস্তানিদের ওপর হামলা চালিয়ে সাতজন পাকিস্তানিকে অস্ত্রসহ আটক করে।আলী আকবর মিজি ১৯৭১ সালে ইপিআর (স্বাধীনতার পর বিডিআর, এখন বিজিবি)-এ ছিলেন। দিনাজপুরে কর্মরত ছিলেন। ২৫ মার্চ ঢাকায় পাকিস্তানিরা হামলা চালিয়েছে শুনে ২৬ মার্চ থেকেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে তাঁরা ভারতের তরঙ্গপুরে যান। সেখান থেকে তাঁদের পাঠানো হয় তেলঢালা পাহাড়ে। জুলাই-আগস্ট মাস থেকে তাঁরা প্রত্যক্ষ যুদ্ধ করেন।মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য স্বাধীনতার পর আলী আকবর মিজিকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়। কিন্তু তিনি এটা তখন জানতেন না। কয়েক বছর পর তিনি জানতে পারেন তাঁকে খেতাব দেওয়া হয়েছে। আলী আকবর মিজি বীর প্রতীকের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পশ্চিম সকদী গ্রামে। তাঁর বাবার নাম ওসমান আলী মিজি। মায়ের নাম সাফিয়া খাতুন। তিনি বিবাহিত। স্ত্রীর নাম সকিনা খাতুন। তাঁদের দুই ছেলে দুই মেয়ে। ১৯৭৯ সালে সুবেদার হিসেবে চাকরি থেকে অবসর নেন। বর্তমানে তিনি নিজ গ্রামেই বসবাস করছেন। মো. আলী আকবর জানালেন, দেশের জন্য যুদ্ধ করে বিনিময়ে তিনি কিছু নেননি। এমনকি তাঁর সন্তানেরাও কোনো সুবিধা নেয়নি। ২০০৯ সাল থেকে অবশ্য তিনি ভাতা পাচ্ছেন। গ্রন্থনা: তারা রহমান, তথ্য: আলম পলাশ, চাঁদপুর।