দুই.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে ধারাবাহিক প্রতিবেদন। আজ পড়ুন : মো. রফিকুল ইসলাম বীর প্রতীকের কথা।মো. রফিকুল ইসলাম ১৯৭১ সালের ২৮ মে সীমান্ত অতিক্রম করে ভারতের মেলাঘরে যান। সেখানে প্রশিক্ষণ নিয়ে তিনি ২ নম্বর সেক্টরে যোগ দেন। পরে মুন্সিগঞ্জ জেলায় থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪ আগস্ট মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মধ্যভাটের চরে একটি সেতু ধ্বংসের সময় পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষিপ্ত শেলের টুকরার আঘাতে তিনি আহত হন। এরপর তাঁর সহযোদ্ধারা তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি আবার মুক্তিযুদ্ধে যোগ দেন।মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ী, গজারিয়া, কুমিল্লা জেলার দাউদকান্দি, হোমনা, দেবীদ্বার, পানতি, পাহাড়পুর, কোনাবন এবং ঢাকার মাতুয়াইলে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের তাঁবেদার বাহিনী রাজাকারদের সঙ্গে বিভিন্ন সময় সাহসিকতার সঙ্গে গেরিলা কায়দায় খণ্ড খণ্ড যুদ্ধ করেছেন।১৯৭১ সালে মো. রফিকুল ইসলামের বয়স ছিল ১৫ বছর। সে সময় তিনি মুন্সিগঞ্জ রামপাল হাইস্কুলের শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন।মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বর্তমানে বসবাস করেন মুন্সিগঞ্জে। তাঁর স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যভাটের চর। তাঁর বাবার নাম আবদুল আলী দেওয়ান। মায়ের নাম ফরিদা খাতুন। তিনি বিবাহিত। তাঁর স্ত্রীর নাম ডালিয়া সুলতানা। তাঁদের দুই ছেলে এক মেয়ে। মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম আলাপকালে জানালেন, কিছু পাওয়ার আশায় তিনি যুদ্ধ করেননি। মৃত্যুর আগে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারলে তিনি শান্তি পাবেন। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করা হোক, এখন এটাই তাঁর একমাত্র কামনা। গ্রন্থনা: তারা রহমান