তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।শাহে আলম পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লাখ লাখ লোক মারা যায়। তাঁর বাড়ি ছিল এই এলাকাতেই। তিনি তখন ছিলেন পাকিস্তানে। খবর শুনে তিনি ছুটি নিয়ে চলে আসেন জন্মস্থান ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্যাহ গ্রামে। এর কিছুদিন পর শুরু হলো মুক্তিযুদ্ধ। পাকিস্তানি সেনারা ভোলা দখল করার পর কয়েকজনকে সঙ্গে নিয়ে ভারতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। চার নম্বর সেক্টরের অধীনে তিনি সিলেটে যুদ্ধ করেন। সিলেটের সুরমা নদীর ওপরের সেতুর দখল নিতে কানাইঘাট এলাকায় ৪ ডিসেম্বর সকাল থেকেই শুরু হয় সম্মুখযুদ্ধ। শাহে আলমের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিযোদ্ধা সেখানে অবস্থানরত পাকিস্তানি সেনাদের আক্রমণ করে। পাকিস্তানিরা বাংকার থেকে গুলি ছুড়তে লাগল তাঁদের লক্ষ্য করে। শাহে আলম জীবন বাজি রেখে ক্রলিং করে আস্তে আস্তে সামনে এগিয়ে ব্যাংকার লক্ষ্য করে গ্রেনেড ছোড়েন। আর ঠিক তখনই পাকিস্তানিদের গুলি শাহে আলমের মাথার খুলিতে আঘাত করে। গুলিতে তাঁর মাথার খুলি উড়ে যায়।মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য শাহে আলম বীর উত্তম খেতাব পেয়েছেন।দিদারুল্যাহ গ্রামের ফরাজীবাড়িতে শহীদ শাহে আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, নানা অবহেলায় পড়ে আছে তাঁর বাড়িটি। স্থানীয় মানুষজনও ঠিকমতো তাঁকে চেনেন না। মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য তিনি যে বীর উত্তম খেতাব পেয়েছেন একথাও তাঁরা জানেন না। শাহে আলমের বাবার নাম আরফান আলী। মায়ের নাম মাজেদা খাতুন। শাহে আলম বিবাহিত ছিলেন। তাঁর সাত ছেলেমেয়ের মধ্যে পাঁচ ছেলেমেয়ে এবং স্ত্রী ফাতেমা খানম বেঁচে আছেন। ছেলে জাহাঙ্গীর আলম জানালেন ঢাকা সেনানিবাসে তাঁর বাবার নামে একটি সড়ক রয়েছে। কিন্তু সে কথা এখানকার কেউ জানে না। শহীদ শাহে আলমের স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য ভোলায় কোনো কিছু তাঁর নামে নামকরণ করা হোক। গ্রন্থনা: তারা রহমান, তথ্য: নেয়ামতউল্যাহ, ভোলা।