তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের একটি বড় দল সিলেট শহরের উপকণ্ঠে এমসি কলেজসংলগ্ন পাকিস্তানি বাহিনীর শক্ত ডিফেন্সের মুখোমুখি প্রতিরক্ষা অবস্থান নেয়। মুক্তিযোদ্ধাদের দলে ছিল প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চারটি কোম্পানি—ব্রাভো, ডেলটা, আলফা ও চার্লি। আরও ছিল গণবাহিনীর বেশ কিছু সদস্য। ব্রাভো কোম্পানিতে ছিলেন সুবেদার ফয়েজ আহমদ। ডেলটা কোম্পানি প্রথমে পাকিস্তানিদের ওপর আক্রমণ করে। পাকিস্তানিরাও মর্টারের সাহায্যে মুক্তিযোদ্ধাদের ওপর পাল্টা আক্রমণ চালায়। অল্প কিছুক্ষণের মধ্যেই মুক্তি-যোদ্ধাদের গোলা শেষ হয়ে যায়। এ অবস্থায় তাঁরা কয়েকটি মেশিনগান, হালকা মেশিনগান ও অন্যান্য হালকা অস্ত্র দিয়ে পাকিস্তানিদের দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে থাকেন। পরে মিত্র বাহিনীর বিমান আকাশ থেকে পাকিস্তানি অবস্থানের ওপর হামলা চালালে তারা কোণঠাসা হয়ে পড়ে।সেদিনের ওই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাদের অন্তত শতাধিক সেনা নিহত এবং অসংখ্য আহত হয়। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের ব্রাভো ও ডেলটা কোম্পানির ২০ জন সদস্য শহীদ এবং ২৪-২৫ জন আহত হন। তাঁদের মধ্যে সুবেদার ফয়েজ আহমদও ছিলেন। তিনি অসীম সাহস ও রণকৌশল প্রদর্শন করে শহীদ হন। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের জন্য স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে বীর উত্তম খেতাবে ভূষিত করে।ফয়েজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সুবেদার ছিলেন। যশোর সেনানিবাসে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে তাঁদের রেজিমেন্ট পাকিস্তা-নিদের হাতে আক্রান্ত হয়। এরপর তিনি ভারতে যান।ফয়েজ আহমদ ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। বাবার নাম জাবেদ আলী। পৈতৃক নিবাস ফেনী জেলার পরশুরাম উপজেলার অলকা গ্রামে। তিনি ১৯৬৮ সালে বিয়ে করেন। স্ত্রীর নাম জাহানারা বেগম। তিনি এখনো বেঁচে আছেন। তাঁর দুই ছেলেমেয়ে। তিনি জানান, ছেলেমেয়েদের তাঁর স্বামী দেখেছেন। কিন্তু তাঁরা তখন খুব ছোট। তাঁর স্বামীর একটা ছবিও নেই। থাকলে সেটা দেখে অন্তত ছেলেমেয়েরা সান্ত্বনা পেতেন। গ্রামের লোকেরা জানে না ফয়েজ আহমদ বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাঁর নামে যদি কোনো কিছুর নামকরণ করা হতো, তা হলে মানুষ জানত। অনেকের নামেই তো অনেক কিছু রয়েছে। গ্রন্থনা: তারা রহমান, তথ্য: আবু তাহের, ফেনী।