তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জের সদর উপজেলার বেরিগাঁওয়ে পাকিস্তানি বাহিনীর একটি শক্ত ঘাঁটি ছিল। মুক্ত এলাকা থেকে শহরে প্রবেশ করতে হলে এই বেরিগাঁও দিয়েই মুক্তিযোদ্ধাদের যেতে হবে। মুক্তিযোদ্ধারা কয়েকবার বেরিগাঁওয়ের পাকিস্তানি অবস্থানে আক্রমণ করে ব্যর্থ হয়েছেন। আগস্টের শেষে একদিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি প্রতিরক্ষা অবস্থানে একযোগে আক্রমণ করেন। এই যুদ্ধে মুক্তিযোদ্ধা আবদুল আজিজও অংশ নেন। সেদিন মুক্তিযোদ্ধাদের পাঁচটি কোম্পানি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। তিনি ছিলেন একটি কোম্পানির নেতৃত্বে। বেরিগাঁওয়ে ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধে অজ্ঞাতসংখ্যক পাকিস্তানি সেনা নিহত এবং আহত হয় বিপুলসংখ্যক। যুদ্ধে মুক্তিবাহিনীরও কয়েকজন হতাহত হন। এরপর পাকিস্তানি সেনারা বেরিগাঁও থেকে পালাতে বাধ্য হয়। অবশেষে সুনামগঞ্জ শহরে প্রবেশ নিষ্কণ্টক হয়ে যায় মুক্তিবাহিনীর জন্য। যুদ্ধে মুক্তিযোদ্ধা আবদুল আজিজ যথেষ্ট সাহসিকতা ও রণকৌশল প্রদর্শন করেন। এর জন্য তিনি স্বাধীনতার পর বীর বিক্রম খেতাব পেয়েছেন। আবদুল আজিজ পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঢাকা থেকে পালিয়ে সুনামগঞ্জে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে ভারতে যাওয়ার পর তাঁকে ৫ নম্বর সেক্টরের অধীন বালাট সাব সেক্টরে অন্তর্ভুক্ত করা হয়। আবদুুল আজিজ দীর্ঘদিন ধরে অসুস্থ। ক্যানসারে আক্রান্ত। কয়েক মাস আগে লিভারে টিউমার, জন্ডিসসহ আরও কয়েকটি রোগ ধরা পড়ে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। আবদুল আজিজের বাড়ি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দড়িয়াবাজ গ্রামে। বসবাস করেন শহরের জামাইপাড়ায়। তাঁর বাবার নাম আলিমউদ্দীন। মায়ের নাম ফুলবরণ নেছা। আবদুল আজিজ বিবাহিত। তাঁর স্ত্রীর নাম তাহেরুন নেছা। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। আলাপকালে আবদুুল আজিজ বলেন, ‘স্বাধীন দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। আজ আমরা স্বাধীন। এর চেয়ে ভালো অনুভূতি আমার কাছে কিছু নেই।’ গ্রন্থনা: তারা রহমান।