তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার.স্বাধীনতার চর দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকএ কে এম রফিকুল হক ১৯৭১ সালের ১৬ এপ্রিল নিজ এলাকা কিশোরগঞ্জ থেকে ভারতে গিয়ে প্রথমে একটি শিবিরে আশ্রয় নেন। কিছুদিন পর তাঁকে মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্বাচন করা হয়। আসামের ইন্দ্রনগরে তিনি প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ চলাকালেই তিনি ৩০ জনের একটি দলের সঙ্গে দেশের অভ্যন্তরে প্রথম অপারেশনে অংশ নেন। তাঁরা সেদিন সিলেটের বড়লেখা চা-বাগানে অবস্থানরত পাকিস্তানি সেনাবাহিনীর একটি দলের ওপর আক্রমণ করে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন। প্রশিক্ষণ শেষে রফিকুল হককে ৪ নম্বর সেক্টরের অধীন গণবাহিনীর (মুক্তিযোদ্ধা) একটি দলের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জুন মাসে তাঁরা সিলেট-জকিগঞ্জ সড়কের একটি সেতু এবং সিলেটের লাতু রেলস্টেশনের পার্শ্ববর্তী রেলসেতু বিস্ফোরক দিয়ে ধ্বংস করেন। সিলেট-জকিগঞ্জ সড়কে তাঁদের পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর একটি জিপ ধ্বংস হয়। ওই বিস্ফোরণে পাকিস্তানি এক ক্যাপ্টেন ও দুই সেনাও নিহত হয়। এরপর তাঁরা কালীগঞ্জ বাজারে রাজাকার ক্যাম্পে অতর্কিত আক্রমণ করে ১৭টি রাইফেল ছিনিয়ে নেন। ২১ জুন সরিফপুর বাজারের পার্শ্ববর্তী রেলসেতু ও বরাক নদীর মাটির বাঁধের অংশবিশেষ বিস্ফোরক দিয়ে ধ্বংস করেন। এর ফলে সিলেটের সঙ্গে জকিগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২৯ জুন তাঁরা জকিগঞ্জের আটগ্রামে অবস্থানরত পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ চালান। তাঁদের আক্রমণে পাকিস্তানি সেনারা সেখান থেকে পালিয়ে যায়। দুজন জীবিত তাঁদের হাতে ধরা পড়ে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি ৩ নম্বর সেক্টরে যোগ দেন। ডিসেম্বরের শুরুতে তাঁরা মিত্রবাহিনীর সঙ্গে আখাউড়া আসেন। আখাউড়া যুদ্ধে এ কে এম রফিকুল হক সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৭১ সালে তাঁর বয়স ১৮ বছর। যুদ্ধে সাহসিকতার জন্য তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। মুক্তিযোদ্ধা এ কে এম রফিকুল হক বর্তমানে ঢাকার উত্তরায় বসবাস করেন। চাকরি করেন সোনালী ব্যাংকে। তাঁর স্থায়ী ঠিকানা পুরাতন কোর্ট রোড, কিশোরগঞ্জ। রফিকুল হক বিবাহিত। তাঁর স্ত্রীর নাম শিরিন সুলতানা। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। গ্রন্থনা: তারা রহমান