পাঁচ.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকেরমো. আবদুল হাকিম পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে তিনি ঢাকার অদূরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে হাবিলদার পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে দ্বিতীয় ইস্টবেঙ্গলের সৈনিকেরা বিদ্রোহ করে যুদ্ধে যোগ দেন। তিনি এই বাহিনীর সঙ্গে টাঙ্গাইল-ময়মনসিংহে প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। পরে এই বাহিনী ভারতে চলে যায়। এরপর পরিবার-পরিজনের খোঁজ নেওয়ার জন্য তিনি দেশে আসেন। এই সময় কাদের সিদ্দিকীর সঙ্গে তাঁর দেখা হয়। তিনি তখন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সতন্ত্রভাবে একটি বাহিনী গঠন করছিলেন। মো. আবদুল হাকিম তাঁর অনুরোধে ১৯ মে ওই বাহিনীতে যোগ দেন। এই বাহিনীর নাম ছিল কাদেরিয়া বাহিনী। তিনি এই বাহিনীর কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি টাঙ্গাইলের দেওপাড়া, ধরলাপাড়া, সাগরদীঘি, ঘাটাইল, গোপালপুর, ভূয়াপুর, ইছাপুর ও জামালপুর জেলার সরিষাবাড়ীর দুলভিটিতে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকারদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৪ ডিসেম্বর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গোরস্থানে তিনি তাঁর বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে সম্মুখযুদ্ধ করে খ্যাতি অর্জন করেন। সেদিন যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়! এই যুদ্ধের কথা তখন মানুষের মুখে মুখে চারদিকে ছড়িয়ে পড়ে।১৯৭১ সালে মো. আবদুল হাকিমের বয়স ছিল ৩৫ বছর। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার জন্য তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন।আবদুল হাকিম বর্তমানে ঢাকার মহাখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ীভাবে বাস করছেন। তাঁর স্থায়ী ঠিকানা: গ্রাম-মেদুর, উপজেলা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর। তাঁর বাবার নাম মাছুদ আলী মুন্সি, মায়ের নাম মরতোবান নেছা। মো. আবদুল হাকিম বিবাহিত। তাঁর স্ত্রীর নাম শামসুন নাহার। তাঁদের তিন ছেলে ও চার মেয়ে।মুক্তিযোদ্ধা মো. আবদুল হাকিম জানালেন, ‘যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা দেশ পেয়েছি, দেশ বিশ্বে স্বীকৃতি পেয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধারা কোনো স্বীকৃতি পাননি। মুক্তিযোদ্ধাদের কোনো পরিচয়পত্র নেই। তাঁরা রাস্তাঘাটে মরে গেলে কেউ তাঁদের চিনবে না।’ গ্রন্থনা: তারা রহমান